স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শিশু একাডেমীর আয়োজনে লাইব্রেরী শক্তিশালীকরণের লক্ষ্যে অটোমেশন ও ডিজিটালাইজেশন শীর্ষক কর্মসূচীর আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে শনিবার সকালে পুলিশ লাইন একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন মিলনায়তনে আয়োজিত ওই কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও শিশু একাডেমীর সদস্য নাসরিন রহমান।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার। বিচারকের দায়িত্বে ছিলেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, এসএম মডেল স্কুলের অধ্যক্ষ মলয় মোহন বল ও ডাঃ সেকান্দর আলী কলেজের প্রভাষক শওকত হোসেন।
কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২শ শিক্ষার্থী অংশ নেয়।









