স্টাফ রিপোর্টার ॥ প্রেম ঘটিত ঘটনার সূত্রে অভিভাবকের ‘অপহরণ মামলা’ এবং ভিকটিম অপরিণত হওয়ায় ওই মামলায় ১৪ বছরের সাজা মাথায় নিয়ে কারাগারের প্রকোষ্ঠে যখন প্রহর গুণছে শেরপুরের মেধাবী শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী সোবহান উদ্দিন জিহান, ঠিক তখন তার অসহায় বাবা-মা’র আকুতি আর বন্ধু-বান্ধবদের চিৎকার খোদ পরিবেশকেই যেন ভারী করে তুলছে। ওই ঘটনায় ২৯ এপ্রিল শনিবার বিকেলে শহরের নিউমার্কেট মোড়স্থ প্রধান সড়কে পোস্টার হাতে নিয়ে মুখ কালো কাপড়ে ঢেকে ব্যতিক্রমী প্রতীকি কর্মসূচী পালন করে বন্ধু-বান্ধবরা জানান দেয় ‘তোদের ব্যথায় ব্যথিত আমরা’।
এরপর শহরের নিউমার্কেটস্থ হোটেল সম্রাট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাজা মাথা নিয়ে কারাগারে থাকা মেধাবী সন্তান, সাংস্কৃতিক কর্মী জিহান ও সেইফ হোমে থাকা তার প্রেমিকার জীবন বাঁচাতে আকুতি প্রকাশ করেন জিহানের বাবা হানিফ উদ্দিন। ওইসময় অন্যানের মধ্যে শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদের উপদেষ্টা ইব্রাহিম রেজা বেলু, জিহানের মা বিনা বেগম, সাংস্কৃতিক কর্মী মতিউর রহমান, গোলাম সারোয়ার সুজন, এমদাদুল হক রিপনসহ বেশ কয়েকজন তরুণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৭ এপ্রিল শহরের নবীনগর এলাকার বাসিন্দা এবং ঢাকার একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী সোবহান উদ্দিন জিহানের বিরুদ্ধে তার প্রেমিকার বাবার দায়ের করা অপহরণ মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড হয়। এরপর থেকেই সাজা মাথায় নিয়ে সে রয়েছে জেলা কারাগারে। অন্যদিকে মামলা নিস্পত্তি হলেও জিহানের প্রেমিকা মেধাবী শিক্ষার্থী তরুণীও রয়েছে সেইফ হোমে।




















