নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শিক্ষাকে গুরুত্ব দেওয়া মানে একটি জাতির ভবিষ্যৎকে উৎসাহিত করা। একটি স্বাধীন, সভ্য, গণতন্ত্রমনা ও সার্বভৌম জাতির মূল ভিত্তি হলো শিক্ষা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‘শিক্ষা সুযোগ নয়, অধিকার’ এ নীতিতে বিশ্বাস করেন। তাই ১ জানুয়ারি বই উৎসব দিবস উদযাপন এবং দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। তিনি ২৭ এপ্রিল বৃহস্পতিবার শেরপুরের নকলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ১১৬ কৃতি শিক্ষার্থীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। নকলা উপজেলা পরিষদের মুক্তমঞ্চে ‘নকলা ফাউন্ডেশন’ আয়োজিত ওই সংবর্ধনায় শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’সহ দু’টি করে বই, একটি ব্যাগ ও সনদপত্র দেওয়া হয়।
নকলা ফাউন্ডেশনের সভাপতি ড. এ কে এম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা উপকমিটির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আজাহারুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আকরাম হোসেন প্রমুখ।
























