স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য (হাইকোর্টের বিচারপতির সমমর্যাদায়) মোঃ নজরুল ইসলাম বলেছেন, মানবাধিকার একটি বিস্তৃত বহুমাত্রিক বিষয়। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না। কারাগার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানসহ মাতৃক্রোড়েও এখন মানবাধিকার লঙ্ঘিত হয়। চলমান জঙ্গি তৎপরতাও মানবাধিকারের চরম লঙ্ঘন। হলি আর্টিজান থেকে শুরু করে সিলেটের জঙ্গি হামলার ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। তিনি শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ‘মানবাধিকার ঃ ধারণা ও প্রায়োগিক দিকসমূহ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। তিনি বলেন, শিশুর প্রতি সহিংসতা, প্রতিবন্ধীর প্রতি বৈষ্যম্য আর অভিবাসীদের প্রতি প্রতারণাসহ সকল মানবাধিকার লঙ্ঘন বন্ধে বা রুখে দাঁড়াতে প্রয়োজন সামাজিক সচেতনতা। দায়িত্ববোধ, মমত্ববোধ ও মানবিক পরিবেশ সৃষ্টি করা। এজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক সাজ্জাদুর রহমান শিশু অধিকার বিষয়ক, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার সজল বৈদ্য প্রতিবন্ধী অধিকার বিষয়ক ও বৈদেশিক কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক আলী আকবর অভিবাসী কর্মীদের অধিকার বিষয়ক উপস্থাপনা করেন। এরপর মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব সরকার, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান, জেলা শিক্ষা বিষয়ক কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদ, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, হাকিম বাবুল, দেবাশীষ ভট্টাচার্য,জেলা এনসিটিএফ’র সভাপতি দুর্জয় সরকার তীর্থ প্রমুখ।
প্রশ্নোত্তর পর্বে ইফার উপ-পরিচালক হাবেজ আহমেদ নারীর পর্দা প্রথায় বিশেষ করে বোরকা পরা বাধ্যতামূলক না করা ও নারীর সমঅধিকার নিয়ে প্রশ্ন তুলে সবাইকে হতবাক করেন। ওই প্রশ্নের জবাবে মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য আবুল কালাম আজাদ বলেন, ধর্মীয় নির্দেশনা উপেক্ষা নয়, উচ্চ আদালতের রায়ের আলোকে বোরকা পরা বাধ্যতামূলক না করা এবং অধিকারের প্রশ্নে নারী পুরুষের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সুতরাং এ বিষয়ে বিতর্কে না জড়ানোই শ্রেয়।




















