নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার গুণগতমান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪মার্চ মঙ্গলবার উপজেলার বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদরাসার হলরুমে সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত ও মমিনাকান্দা আল-আমীন দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হযরত আলী বক্তব্য রাখেন।
অন্যান্যদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা-ঢাকা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা খাতুন (মোবাইল কনফারেন্সে), সিনিয়র সহকারী মৌলভী মোঃ মোজাম্মেল হক, প্রাইমারী শিক্ষক শামছুন নাহার, মাহবুব হোসেন রুপম, মাওলানা রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬ ঘন্টা শিক্ষকদের কাছে থাকে। বাকি অধিকাংশ সময় মায়ের কাছে থাকে। মা যদি সচেতন থাকেন তাহলে শিক্ষার্থীরা বিপথগামী হওয়ার সুযোগ পায়না। মহব্বত চেয়ারম্যান বলেন, দেশ ও জাতির উন্নয়নে শিক্ষিত-সচেতন মায়ের বিকল্প নেই। তার বাস্তব প্রমান হিসেবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নের কথা তিনি তুলে ধরেন। তিনি আরও কাছের প্রমাণ দিতে গিয়ে বলেন নকলা-নালিতাবাড়ীর অভিভাবক-অগ্নি কন্যা বেগম মতিয়া চৌধুরীর দক্ষতা ও কৌশলের কারণেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের সার্বিক উন্নয়নে মায়েদের ভুমিকা সবচেয়ে বেশি তাই সন্তানের সার্বিক ফলাফল উন্নয়নসহ দেশ ও জাতির উন্নয়নে মায়েদের আরও সচেতন হতে হবে মনে করেন বক্তারা। বিশেষ অতিথি মোঃ হযরত আলী বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে বলেন, মায়েদের সচেতনতাই পারে সন্তানকে উচ্চ আসনে আরোহণ করতে।
সমাবেশে ওই মাদরাসার ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী ও তাদের মা, অভিভাবক, শিক্ষানুরাগী মহল উপস্থিত ছিলেন।









