মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ক্লাসের পর পরই একসঙ্গে ৫ হাজার শিক্ষার্থীকে মুক্তিযোদ্ধের গল্প পড়ানোর রেশ কাটতে না কাটতেই এবার সীমান্তবর্তী জেলা শেরপুরের নকলা উপজেলায় গড়ল এ যাবতকালের জেলার সবচেয়ে বড় শপথ পাঠ অনুষ্ঠান। ১০ মার্চ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা মুক্তমঞ্চ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত উপস্থিত ৩ সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের শপথ পাঠ ও সততা সংঘের দুর্নীতি বিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়। শেরপুর জেলা প্রশাসন এবং নকলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন এবং অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে একসঙ্গে ৩ সহস্রাধিক ছাত্র-শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে লিখিত শপথ পাঠ করান দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম। ওইসময় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-সহকারী পরিচালক রাজু মোঃ সারোয়ার হোসেন ও কোর্ড পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার সহ উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দলীয় নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনগন, পুলিশ প্রশাসন ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে উপ-পরিচালক মোঃ তৌফিকুল ইসলামের নেতৃত্বে নকলা শহরের চন্দ্রকোণা মোড় এলাকার ঝুমুর সিনেমা হলের সামন হতে নালিতাবাড়ি মোড় পর্যন্ত ঢাকা-শেরপুর মহাসড়কের দু’পাশে আধাব্যাপী দুর্নীতির বিরুদ্ধে প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যরে মানববন্ধন তৈরি করেন তারা।




















