শ্যামলবাংলা ডেস্ক : ব্রহ্মপুত্র নদের ওপারে দেশের অষ্টম বিভাগীয় দপ্তর স্থাপন করা হচ্ছে। চরাঞ্চলে নয়া ময়মনসিংহ শহরটিকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে সরকারের নগর উন্নয়ন অধিদপ্তর ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে ৪ হাজার ৩৬৬ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এতে সাড়ে ৮ হাজার স্থাপনা এবং ৪ সহস্রাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতোমধ্যেই জমি অধিগ্রহণ এলাকার লোকদের যথাযথ ক্ষতিপূরণ এবং সুষ্ঠু পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে জমি ক্রয়, ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে ৩ হাজার ৬০০ কোটি টাকা ব্যয় সংক্রান্ত প্রস্তাব করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১১টি ব্লকে বিশেষ আবাসিক এলাকায় ক্ষতিগ্রস্ত লোকদের প্লট দিয়ে তাদের পুনর্বাসন করা হবে বলে জানা গেছে।
এ ব্যাপারে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন জানান, ময়মনসিংহ বিভাগীয় শহরটিকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। নয়া এই শহরে বিভাগীয় দপ্তর ছাড়াও শিক্ষা বোর্ড, পাবলিক বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু নভোথিয়েটার, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিভাগীয় সার্কিট হাউস, আইটি পার্ক, আন্তর্জাতিক কনভেনশনস সেন্টার, সরকারি আনন্দ মোহন কলেজের শাখা, শিশু হাসপাতাল, পার্ক, বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, শিক্ষা ব্লক, স্বাস্থ্য ব্লক, বিশাল লেক, ১১টি স্পেশাল আবাসিক এলাকা, পর্যটন স্পট, কয়েকটি সুপার মার্কেট, বাজারসহ নাগরিকদের জন্য প্রয়োজনীয় অন্যান্য নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। সরকারের মহতি লক্ষ্য বাস্তবায়নে নগর উন্নয়ন অধিদপ্তরের সুদক্ষ প্রকৌশলীরা নানা পরিকল্পনা প্রণয়ন করছেন। তিনি আরও জানান, অধিগ্রহণকৃত এলাকায় মোট ৮ হাজার ৫০২টি স্থাপনার ক্ষতিপূরণের প্রস্তাব করা হয়েছে। তন্মধ্যে বসতঘর, রান্নাঘর, টয়লেট, গোয়ালঘর, ছোট ছোট দোকানঘর, বৈঠকঘর ও টিউবওয়েলসহ আরও অন্যান্য স্থাপনা রয়েছে। অধিগ্রহণকৃত এলাকার জমির বর্তমান মূল্যের চেয়ে দেড়গুণ অতিরিক্ত মূল্য ধরে সেই মূল্যের সঙ্গে আরও অতিরিক্ত ২৫ শতাংশ অতিরিক্ত মূল্য নির্ধারণ করে ক্ষতিপূরণের প্রস্তাব করা হয়েছে। যেসব লোক বসতভিটা হারাবেন, তাদের হারানো বাড়ির নিকটবর্তী কোনো স্পেশালাইজড আবাসিক এলাকার ব্লকে ক্ষতিগ্রস্তদের আবাসনের জন্য জমি দেওয়া হবে। ফলে বিভাগীয় পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি ব্লকে শহরে ক্ষতিগ্রস্তরা আবাসন সুবিধা পাবেন।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান জানান, সদর উপজেলার চরাঞ্চলের ৮টি মৌজার অংশ বিশেষ নিয়ে ৪ হাজার ৩৬৬ একর জমিতে বিভাগীয় দপ্তরসহ অন্যান্য স্থাপনার জন্য জমি অধিগ্রহণ করার সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে। অধিগ্রহণের জন্য প্রস্তাবিত জমির মধ্যে চর টাউন এবং চর জেলখানা নামে দুটি বড় মৌজার পুরো এলাকা রয়েছে। তবে এই দুটি মৌজায় কোনো জনবসতি নেই। এ ছাড়াও ৬টি মৌজার আংশিক এলাকা রয়েছে। প্রস্তাবিত এলাকায় বসতঘর, রান্নাঘর, টয়লেট, গোয়ালঘর, ছোট ছোট দোকানঘর, বৈঠকঘর এবং অন্যান্য স্থাপনাসহ মোট ৮ হাজার ৫০২টি স্থাপনার ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সরকারের অনুমোদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষমতাসীন আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা জানান, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগীয় শহরকে একটি পরিকল্পিত অত্যাধুনিক শহর হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করছেন। তার নির্দেশনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করতে আওয়ামী লীগ সব সময় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে কাজ করবে। আওয়ামী লীগ নেতারা আরও জানান, সরকারের এই মহতি উদ্যোগকে বানচাল করার জন্য বিরোধী মহল ষড়যন্ত্রমূলকভাবে জনগণের মাঝে নানা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। সেইসব অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর ইন্ধনদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের গোয়েন্দাদের প্রতি আহ্বান জানান তারা।
ময়মনসিংহ বিভাগীয় শহরকে একটি অত্যাধুনিক পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন পরিষদের সদস্য সচিব ও জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। আর সরকারের মহতি উদ্যোগের বাস্তবায়নকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন মহল নানা অপপ্রচার ছড়াচ্ছে। ক্ষতিগ্রস্তরা যাতে জমির উপযুক্ত মূল্য পায় এবং পাওনা পেতে যাতে তারা কোনো হয়রানির শিকার না হন, সে ব্যাপারে সরকারি কর্মকর্তাদের বিশেষ দৃষ্টি দিতে হবে। সেই সঙ্গে জনগণ যাতে অপপ্রচারে বিভ্রান্ত না হয়, সে লক্ষ্যে সরকারের গৃহীত সুযোগ-সুবিধাসমূহ জমি অধিগ্রহণকৃত এলাকার লোকদের মাঝে ব্যাপকভাবে প্রচার করার জন্য প্রশাসন, ক্ষমতাসীন দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
সূত্র : দৈনিক আমাদের সময়



















