স্টাফ রিপোর্টার : শেরপুর শহরে ৮ লাখ টাকার বিনিময়ে দেওয়া এক খন্ড ভূমি ও স্থাপনা থেকে হাফেজ সুরুজ্জামান নামে এক ব্যক্তিকে উচ্ছেদের অভিযোগ উঠেছে এক সাংবাদিকের বিরুদ্ধে। শহরের রঘুনাথ বাজারস্থ হাশিম গেস্ট হাউজসংলগ্ন জায়গায় ওই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় হতভাগ্য সুরুজ্জামান ৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শেরপুর প্রেসক্লাবে লিখিত অভিযোগ দিয়ে তার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
অভিযোগে প্রকাশ, শেরপুর শহরের রঘুনাথ বাজার এলাকায় হাশিম গেস্ট হাউজের পরিচালক ও স্থানীয় গৃর্দানারায়ণপুর এলাকার প্রয়াত সুবেদার (অবঃ) আব্দুল মোতালেবের জ্যেষ্ঠ পুত্র আবুল হাশিমের কাছ থেকে ২০১২ সালের ৪ নভেম্বর ওই গেস্ট হাউজ সংলগ্ন একটি টিনশেড স্থাপনাসহ একখন্ড ভূমি ৮ লাখ টাকার বিনিমিয়ে এফিডেভিটমূলে ক্রয় করেন স্থানীয় দূর্গানারায়ণপুর এলাকার প্রয়াত আব্দুস সামাদের পুত্র ক্ষুদ্র ব্যবসায়ী হাফেজ মোঃ সুরুজ্জামান। এরপর থেকে তিনি দীর্ঘদিন ওই জায়গায় ব্যবসা পরিচালনা করে আসলেও ২০১৪ সালের দিকে সাংবাদিক আবুল হাশিম প্রেসক্লাবের তৎকালীন নেতা বনে গেলে বিশেষ প্রভাবে পরিবারের লোকজনকে নিয়ে রাতের অন্ধকারে ওই ক্রয়কৃত স্থাপনা থেকে ব্যবসায়ী সুরুজ্জামানকে উচ্ছেদ করেন। সেইসাথে বাধা দিতে গিয়ে নির্যাতন ও মারপিটে গুরুতর আহত হতে হয় সুরুজ্জামান ও তার সাথে থাকা লোকজনদের। ওই ঘটনায় থানায় আবুল হাশিমসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হলেও জামিন পেয়ে যান তিনি। অন্যদিকে ওই ঘটনার পরপরই আবুল হাশিম ওই জায়গা বেদখল করে স্থাপনা নির্মাণ সাপেক্ষে নিজের গেস্ট হাউজের সাথে মিশিয়ে ফেলেন। এ নিয়ে সুরুজ্জামান প্রশাসন ও চেম্বার অব কমার্সসহ বিভিন্ন জায়গায় দৌড়ঝাপ করেও কোন সুরাহা পাননি।
এ ব্যাপারে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা ওই জায়গা বিক্রয়ের পর সুরুজ্জামানকে উচ্ছেদের সত্যতা স্বীকার করে জানান, প্রেসক্লাবের শৃঙ্খলাপরিপন্থী কর্মকান্ডে জড়িতসহ অর্থ আত্মসাতের ঘটনায় ইতোমধ্যে ৩ জন সদস্যকে বহিস্কার করা হয়েছে। তাদের মধ্যে সাবেক কোষাধ্যক্ষ আবুল হাশিমও রয়েছেন।
























