নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানীয়া ইউনিয়নের তালুকপাড়া এলাকায় ঢাকা-নালিতাবাড়ী মহাসড়কে ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছে জহুর আলী (৪০) নামে এক বাস হেলপার। নিহত বাস হেলপার তালুকপাড়া গ্রামের মৃত সইমদ্দিনের ছেলে। ওই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাক চালককে গণধোলাই দিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-নালিতাবাড়ী সড়ক অবরোধ করে রাখে। ৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে ওই ঘটনা ঘটে।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের দিকে যাওয়ার সময় চলন্ত ট্রাকটি তালতলা বাজারের পাশে তালুকপাড়া এলাকার জালালউদ্দিনের একটি গরুকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। ওইসময় গরুর মালিক রাস্তায় থাকা লোকজনকে ট্রাকটি থামাতে বললে অদূরে থাকা বাস হেলপার জহুর আলী ও কয়েকজন মিলে চলন্ত ট্রাকটিকে থামাতে সিগন্যাল দেয়। ট্রাক চালক সিগন্যাল না মেনে জহুর আলীকে চাপা দিয়ে চলে যায়। কিছু দূর গিয়ে ট্রাক ফেলে চালক ও হেলপার পালাতে চেষ্টা করলে বিক্ষুদ্ধ জনতা তাদের ধরে গণধোলাই দেয়। পরে আহত ট্রাক চালককে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে বিক্ষুদ্ধ জনতা ট্রাকটি দুর্ঘটনাস্থলে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-নালিতাবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে ঢাকা-নালিতাবাড়ী চলাচলকারি সকল প্রকার যানবাহন বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



















