মানিকগঞ্জ প্রতিনিধি : মৃত্যুদণ্ড কার্যকরের পর জামায়াত নেতা মীর কাসেম আলীকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা গ্রামে বাড়িতে দাফন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর রবিবার ভোররাত পৌনে ৪টার দিকে তাকে দাফন করা হয়। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অন্য কেউ এ সময় সেখানে উপস্থিত ছিলেন না।
রাত পৌনে ৩টার দিকে যুদ্ধাপরাধী মীর কাসেমের মৃতদেহ এসে পৌঁছায় তার নিজ ভিটা চালা গ্রামে। এরপর রাত ৩টা ১০ মিনিটে সেখানে কাসেমের জানাজা হয়। রাত সোয়া ৩টায় মসজিদের পাশে শুরু হয় দাফনের প্রক্রিয়া, যা আর শেষ হয় ভোররাত পৌনে ৪টার দিকে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমের কোনো কর্মীকে দাফনের স্থানে যেতে দেয়নি।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টায় মীর কাসেম আলীর স্ত্রী, দুই ছেলের স্ত্রী, দুই মেয়ে, চার ভাগ্নি,ভাতিজাসহ ৪০ জন আত্মীয় স্বজন দাফনের স্থলে আসেন। দাফন শেষে তারা ঢাকায় ফিরে যান।
উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীকে শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।



















