স্টাফ রিপোর্টার : শেরপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে শনিবার দিনব্যাপী শহরের শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন এডিপির সহযোগিতায় ও শেরপুর চাইল্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ. এইচ এম লোকমান। বিশেষ অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ডা. এ. কে. এম রিয়াজুল হাসান, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, অতিরিক্ত সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার লাবণী, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া ও সিনিয়র এডিপি ম্যানেজার স্বজল বৈদ্যসহ প্রমূখ।
প্রথম পর্বে ৩টি ধাপে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে শেরপুর ভিক্টোরিয়া একাডেমী, শেরপুর গার্লস হাই স্কুল, ফৌজিয়া মতিন পাবলিক স্কুল ও পুলিশ লাইন একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশনের বিতর্ক দল। নক আউট পর্বে বিতর্ক অনুষ্ঠিত হয়ে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে শেরপুর ভিক্টোরিয়া একাডেমী ও পুলিশ লাইন একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশনের বিতর্ক দল। বিতর্ক প্রতিযোগিতার চ’ড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় শেরপুর ভিক্টোরিয়া একাডেমী ও শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় একই দলের দলনেতা আতিক মোর্শেদ।
ওইসময় মডারেটরের দায়িত্ব পালন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাবেক বিতার্কিক রাজীব কুমার সরকার।
মধ্যাহ্ন বিরতির পর স্কুল পর্যায়ের বিতর্ক কর্মশালায় বক্তব্য রাখেন ও প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ. এইচ এম লোকমান, বিশিষ্ট বিতার্কিক রাজীব কুমার সরকার, শেখ মহিউদ্দিন মধু, রিফাত বিন মনসুর সম্পদ সহ অতিথিরা। পরে কর্মশালা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।




