
জুবাইদুল ইসলাম, শেরপুর : হাজার হাজার শিক্ষার্থীসহ শিক্ষক-অভিভাবক ও ভক্তের বিনম্র শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন শেরপুরের বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠান তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম, ‘বড় হুজুর’ খ্যাত আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ নুরুল ইসলাম (৭০)। বাদ আছর পৌর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে নিজের গড়া প্রায় ৩ যুগের লালিত প্রতিষ্ঠান তেরাবাজার মাদ্রাসা অঙ্গণে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় যোগ দিতে ঈদগাহ মাঠে ঢল নামে মুসল্লীদের। কান্না-আবেগে ভারি হয়ে উঠে পরিবেশ। দাফনকালেও মুসল্লীদের অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।
তেরাবাজার মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম স্বপন জানান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ নুরুল ইসলামের পৈত্রিক নিবাস নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধোবারহি গ্রামে। ১৯৭৮ সনের দিকে তিনি শেরপুরে এসে স্থানীয় ধর্মপ্রাণ গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তেরাবাজার মাদ্রাসাটি গড়ে তোলেন। ধীরে ধীরে মাদ্রাসাটি জেলার প্রধান বৃহত্তম প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। তিনি কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মজলিসে সূরার সদস্য, জাতীয় ইমাম পরিষদ, শেরপুর জেলা শাখার সভাপতি, শেরপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতীব ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগসহ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন। ওই অবস্থায় ২১ মে শনিবার ভোর ৪টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীসহ জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তেরাবাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ নুরুল ইসলামের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিউর রহমান আতিক এমপি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেগদনা জ্ঞাপনসহ তার আত্মার মাগফেরাত কামনা করেন। অন্যান্যের মধ্যে আরও শোক প্রকাশ করেছেন মহিলা এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা বিএনপির আহবায়ক, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোঃ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবির রুমান, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন ও আব্দুর রাজ্জাক আশীষ, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, প্রবীণ সংগঠক ও তেরাবাজার মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ অদু, জেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইলিয়াস উদ্দিন, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ।





