শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সারাদেশে মেয়েদের জন্য ৪টিসহ আরও ২৫টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণের জন্য প্রত্যেক উপজেলায় একটি কারিগরি স্কুল স্থাপন করবে। ১২ মে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির ২১তম জাতীয় কনভেনশন ও ৩৯তম কাউন্সিল অধিবেশন উদ্বোধন করে প্রধান অতিথির ভাষণে ওই কথা বলেন তিনি। খবর বাসসের। ওইসময় তিনি বলেন, প্রতি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল স্থাপনের মাধ্যমে বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য শতভাগ বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণের পাশাপাশি সরকার সকল বিদ্যালয় এবং কলেজে ‘ভোকেশনাল ট্রেনিং কোর্স’ অন্তর্ভুক্তির উদ্যোগ গ্রহণ করেছে। আইডিইবির প্রতিষ্ঠাতা একেএমএ হামিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনের স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো.শামসুর রহমান।
অনুষ্ঠানে ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য, জেল হত্যার শিকার জাতীয় চার নেতা এবং প্রয়াত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপরেই প্রধানমন্ত্রী আইডিইবির অ্যালবামে স্বাক্ষরের মাধ্যমে ২১তম জাতীয় কনভেনশন ও ৩৯তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সরকারি টাকার অহেতুক অপচয় রোধ করে প্রয়োজন অনুযায়ী প্রকল্প গ্রহণ এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে তা সম্পন্ন করার জন্যও প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।




