শ্যামলবাংলা ডেস্ক : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ উৎসব আসতে এখনও বেশ কয়েকদিন বাকি। এখন চলছে ইলিশ কেনার প্রস্তুতি। ইলিশ যেন না হলেই নয়, তাই উৎসবের আগে গতকাল শুক্রবার শেষ ছুটির দিনে বাজারে ছিল ক্রেতাদের ভিড়। ইলিশের চাহিদা বেশি থাকায় বাজার দামে ছিল বৈশাখী উত্তাপ। গতকাল বিক্রেতারা বড় আকারের প্রায় দুই কেজি ওজনের ইলিশ ৮ থেকে ৯ হাজার টাকা দাম হাঁকিয়েছেন। কিন্তু এসব ইলিশ সর্বোচ্চ ৬ হাজার টাকায় কেনাবেচা হতে দেখা গেছে। ছোট আকারের ইলিশও চড়া দামে বিক্রি হয়েছে। তবে বাজারে ইলিশের কমতি ছিল না।
বড় ইলিশ কেনার শখ পূরণ করতে পারলেন না রাহেলা বেগম। সরকারি এ কর্মকর্তা দেড় হাজার টাকার বাজেট ধরে মিরপুর শাহআলী মার্কেটে ইলিশ কিনতে গিয়েছিলেন। কিন্তু দাম চড়া হওয়ায় অনেক চেষ্টার পরও এক কেজি ওজনের ইলিশ কিনতে পারেননি। পরে তিনি এই টাকা দিয়ে ৮০০ গ্রামের একটি ইলিশ কিনেছেন। বেশি দামের কারণে তার মতো অনেকেই ছোট ইলিশ কিনতে বাধ্য হয়েছেন। গতকাল রাজধানীর বিভিন্ন খুচরা বাজার
ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে প্রতিটি ছোট ইলিশের দাম ১০০ থেকে ২০০ টাকা বেড়েছে। তবে বড় ইলিশ দ্বিগুণের বেশি দামে বিক্রি হয়েছে। প্রতিটি ছোট ইলিশ বিক্রি হয়েছে আড়াইশ’ থেকে ৩০০ টাকায়। ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৬০০ থেকে ৭০০ টাকা ও এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে প্রায় ২ হাজার টাকায়।
বিক্রেতারা জানান, বৈশাখ যত এগিয়ে আসবে, ইলিশের দাম আরও বাড়বে। এখন বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে। প্রতি বছরের মতো বৈশাখের উৎসবকেন্দ্রিক এবারও ইলিশের দাম বাড়ছে। তবে অন্য বছর দাম দিলেও অনেক সময় চাহিদা অনুযায়ী মাছ মেলেনি। এবার টাকা দিলে মাছ পাওয়া যাচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
খুচরা বাজারের পাশাপাশি রাজধানীর সুপার স্টোরগুলোতে শুরু হয়েছে ইলিশ মেলা। সুপার শপে তুলনামূলক কম দামে ইলিশ বিক্রি হচ্ছে। প্রতিটি ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৮৮ থেকে ৪৪৫ টাকা, ৭০০ থেকে ৭৫০ গ্রাম ৭৪৫ টাকা, প্রায় এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৯৫ থেকে ১ হাজার ৪৫০ টাকা ও এক কেজির বেশি কিন্তু দেড় কেজির কম দেড় হাজার থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
এবার ইলিশের মজুদ বেশি থাকায় খুচরা বাজার আর সুপারশপে ইলিশ সীমাবদ্ধ নেই। বৈশাখ উপলক্ষে পাড়া-মহাল্লা, অলি-গলি ও ফুটপাতেও বিক্রি হচ্ছে। গত তিন দিন ধরে ইলিশ বিক্রি করে বেশ লাভ করছেন মাছ বিক্রেতা জসিম উদ্দিন। তার প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই হাজার টাকা মুনাফা হচ্ছে। এর আগে নিয়মিত সবজি বিক্রি করে ৫০০ টাকার বেশি লাভ করতে পারেননি তিনি। এ কারণে বৈশাখী ইলিশ কেনাবেচার সুযোগ এবার হাতছাড়া করেননি।
কারওয়ান বাজারের আল্লাহর দাম মাছের আড়তের ব্যবসায়ী মো. সুমন মিয়া সমকালকে বলেন, গত এক মাসের বেশি সময় ধরে নদীর তাজা ইলিশ আসা বন্ধ আছে। চলতি মাসও বন্ধ থাকবে। এ কারণে অনেক ব্যবসায়ী হিমাগারে আগে মাছ সংরক্ষণ করেছেন। তা এখন বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, আগে কম দামে কিনে রাখলেও হিমাগারের ভাড়ার কারণে কিছুটা দাম বেশি পড়ছে। তাছাড়া উৎসব উপলক্ষে কিনে রেখে কিছুটা মুনাফা করছেন ব্যবসায়ীরা।



















