শ্যামলবাংলা ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক সেরা প্রতিবেদনের জন্য দৈনিক গণমুখের সাংবাদিক ইজাজ আহমেদ মিলন এবং মাছরাঙা টেলিভিশনের মৌমিতা জান্নাত বজলুর রহমান স্মৃতি পদক-২০১৫ লাভ করেছেন। ৩ এপ্রিল রবিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কৃতদের হাতে ক্রেস্ট এবং এক লাখ টাকার চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী রফিকুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাঃ সারওয়ার আলী। পুরস্কারপ্রাপ্তদের সম্পর্কে তথ্য পাঠ ও তাদের নাম ঘোষণা করেন জুরি বোর্ড সদস্য নওয়াজেশ আলী খান এবং মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ এস এম সামসুল আরেফিন। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন জিয়াউদ্দিন তারিক আলী। দৈনিক গণমুখের স্টাফ রিপোর্টার ইজাজ আহমেদ মিলন গত বছর মার্চ-এপ্রিলে ‘বিস্মৃত সেই সব শহীদ’ শিরোনামে মুক্তিযুদ্ধ বিষয়ক ২২টি প্রতিবেদন দৈনিক গণমুখে প্রকাশ করেছিলেন। এছাড়া মাছরাঙা টেলিভিশনের প্রতিবেদক মৌমিতা জান্নাত মাছরাঙা টেলিভিশনে বীরাঙ্গনাদের নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করেছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বজলুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পীকার শিরীন শারমিন চৌধুরী বলেন, দৈনিক সংবাদের প্রাক্তন সম্পাদক বজলুর রহমান বাংলাদেশে দায়িত্বশীল সাংবাদিকতার অন্যতম পথিকৃত ছিলেন। ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনের অংশী বজলুর রহমান মুক্তিযুদ্ধকালে মুক্তিযুদ্ধ পত্রিকার সম্পাদক হিসেবে জনমত সৃষ্টি করেছেন। স্বাধীনতার পর সাংবাদিকতাকে অবলম্বন করে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দেশ গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন তিনি। তিনি আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশের স্বীকৃতির জন্য বিশেষ অবদান রেখে গেছেন। নির্ভীক সাংবাদিকতা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে আদর্শ তিনি রেখে গেছেন তা ভবিষ্যত প্রজন্মকে পথ দেখাবে।
স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাঃ সারওয়ার আলী বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেশকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করেন। বজলুর রহমান ছিলেন আদর্শ সাংবাদিকতার পথিকৃত। এই পুরস্কার মুক্তিযুদ্ধ নিয়ে প্রতিবেদন তৈরিকে উৎসাহিত করবে। আর এসবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নানা অজানা ইতিহাস, মানবেতর ইতিহাস উঠে আসবে। আরও বহু সাংবাদিক মুক্তিযুদ্ধের ওপর অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে আগ্রহী হবেন। সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সত্য প্রকাশ করে গণমাধ্যম সমাজকে এগিয়ে নিতে কাজ করে।
বাংলাদেশে দায়িত্বশীল সাংবাদিকতার অন্যতম পথিকৃত ছিলেন দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমান। ২০০৮ সালে তার আকস্মিক অকাল মৃত্যুর পর তাঁর পরিবার ও বন্ধুদের সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য ওই পুরষ্কার প্রদান করছে।



















