শ্যামলবাংলা ডেস্ক : অন্যান্য বার পরীক্ষার কক্ষে ঢুকলেও এবার এইচএসসিতে বাইরে থেকে জানালা দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার দৃশ্য প্রত্যক্ষ করেন। বারান্দা দিয়ে হেঁটে হেঁটে পরীক্ষার্থীদের খোঁজ নিয়ে পরে তিনি বলেন, গণমাধ্যমের সংখ্যা বেড়ে যাওয়ায় আগের মতো আর তিনি পরীক্ষার কক্ষে ঢুকবেন না।
৩ এপ্রিল রবিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন কর্মকর্তাদের নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে যান নাহিদ। মন্ত্রীদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকে ‘প্রচলিত রেওয়াজ’ হিসেবে অভিহিত করে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা (পরীক্ষার) হলে হলে যাই, ভেতরে ঢুকি, দেখি। আগে মিডিয়ার সংখ্যা এতো ছিল না। দুই, চার, পাঁচ, দশজন ছিল, চোখে লাগত না, ভাগ করে গেলে আর সমস্যা হতো না।’ এতো উত্তেজনার মধ্যে পরীক্ষা দিচ্ছে, আমরা যদি সবাই ঢুকি, তবে তাদের মধ্যে প্রভাব পড়তে পারে। মিডিয়ার সংখ্যা বৃদ্ধির কারণে আগের মতো এটা করা সম্ভব না। যুগ পাল্টে গেছে, জগৎ পাল্টে গেছে। আমাদের এটা বাস্তবতার সাথে নিতে হবে। তবে সাংবাদিকরা পরীক্ষা কেন্দ্র থেকে প্রয়োজনমত ছবি ও তথ্য নেওয়া ছাড়াও কেন্দ্র সচিবের সঙ্গে কথা বলতে পারবেন বলে জানান শিক্ষামন্ত্রী।
দেশজুড়ে রবিবার থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় সারাদেশে অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ ছাত্রছাত্রী বহিষ্কার হয়েছে। তাদের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে একজন, দিনাজপুর শিক্ষা বোর্ডে একজন, যশোর শিক্ষা বোর্ডের একজন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আটজন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৩২ জন রয়েছে। এ ছাড়া রোববার শুরুর দিনেই সারাদেশে ১২ হাজার ৮৮৭ পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল।
এ বছর ৯ জুন পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা শেষে ১১ থেকে ২০ জুনের মধ্যে হবে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে লেগে যাবে প্রায় তিন মাস। এর আগে ৩১ জানুয়ারি থেকে দেড় মাস ধরে চলে মাধ্যমিকের তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষা।
আট হাজার ৫৩৩টি প্রতিষ্ঠানের ১২ লাখ ১৮ হাজার ৬২৮ শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।




















