স্টাফ রিপোর্টার : প্রথম ধাপের আওতায় শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নেই নির্বাচন হচ্ছে আজ ২২ মার্চ মঙ্গলবার। এ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসনসহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে প্রায় প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ বনাম দলের বিদ্রোহী প্রার্থী এবং আওয়ামী লীগ বনাম বিএনপি প্রার্থীদের মধ্যে ব্যাপক সংঘাত-সংঘর্ষের আশংকা করা হচ্ছে। যে কারণে উপজেলার ১২ ইউনিয়নের ১১১টি কেন্দ্রের মধ্যে ৯১টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। তন্মধ্যে ৭০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ও ২১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর ২০টি কেন্দ্রকে সাধারণ হিসেবে গণ্য করা হয়েছে। অন্যদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্ল¬াটুন বিজিবি, ৬শ ৪৮ জন পুলিশ, ১ হাজার ৮শ ৮৭ জন আনসার ও ২৬ জন র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান সোমবার দুপুরে জানান, ১২টি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী এবং উভয় দলে মনোনয়নবঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৫৩ জন, সদস্য পদে ৩শ ৬৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১শ ১৩ জনসহ সর্বমোট ৫শ ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে চেয়ারম্যানসহ ৩ পদের জন্য ১ লাখ ৭১ হাজার ব্যালট পেপার ও ৫শ ৫৯টি স্বচ্ছ ব্যালট বাক্স।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ জানান, প্রথম ধাপের আওতায় নালিতাবাড়ীর ১২টি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই কথা জানিয়ে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম বলেন, যে যাই বলুক না কেন শেরপুরে প্রথম ধাপের এ নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ। প্রায় প্রতিটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। এজন্য আইন-শৃঙ্খলা সংক্রান্ত জেলা কোর কমিটির সভাও করা হয়েছে।









