স্টাফ রিপোর্টার ॥ প্রথম ধাপের আওতায় শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। ২২ মার্চ মঙ্গলবার সকাল ৮টা থেকে ১২টি ইউনিয়নের ১১১টি কেন্দ্রে ওই ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলোর মধ্যে ৯১টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হলেও সকাল ১০টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল ৯টার দিকে রাজনগর ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ভোটারদের সাথে মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি ও সারিবদ্ধ লাইন। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রূপচাঁন আহমেদ জানান, এ কেন্দ্রের ভোটার সংখ্যা ১৩৫০ এবং এ পর্যন্ত প্রায় ৩০০ ভোট পড়েছে। বাঘবেড় ইউনিয়নের রাণীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রমজান আলী জানান, এ কেন্দ্রের ভোট সংখ্যা ১৪২৭ এবং এ পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩০০। তবে লাইনে দাঁড়ানো ভোটাররা অভিযোগ করে জানান, ভোটগ্রহণ ধীরগতিতে হচ্ছে। একই ইউনিয়নের গোবিন্দনগর কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহীদুল ইসলাম জানান, এ কেন্দ্রের ভোটসংখ্যা ১১৫০ এবং সকাল পৌণে ১০ টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৪০০। আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সবুর ও বিদ্রোহী প্রার্থী হাসানুজ্জামান রিয়াদ এ কেন্দ্রের ভোটার হওয়ায় সাধারণ ভোটার ছাড়াও তাদের সমর্থকদের ব্যাপক জটলা দেখা যায়। ওইসময় আব্দুস সবুর সুষ্ঠু ভোট হচ্ছে দবি করলেও বিদ্রোহী প্রার্থী রিয়াদ জানান, উত্তর রাণীগাঁও কেন্দ্র থেকে তার এজেন্টকে সকাল ৯টার আগেই বের করে দেওয়া হয়েছে। মরিচপুরাণ ইউনিয়নে সকাল ১০টা ১০ পর্যন্ত কোন গোলযোগ না হলেও ব্যাপক সংঘাত ও ভোটডাকাতির আশংকা করছেন বিএনপি প্রার্থী বিদায়ী চেয়ারম্যান আইয়ুব আলী। তবে আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম শফিক দাবি করেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে।




