স্টাফ রিপোর্টার : শেরপুরে ফের চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার ইজিবাইক ছিনতাইয়ের ১০ ঘন্টা পর ৮ মার্চ সকালে শহরের মোবারকপুর মহল্লার একটি ইটের ভাটা থেকে আব্দুর রেজ্জাক (৩০) নামে এক চালকের লাশ উদ্ধার হয়েছে। সে স্থানীয় দমদমা কালিগঞ্জ এলাকার মৃত আলফাজ উদ্দিন ভুলুর ছেলে। একইসাথে উদ্ধার হয়েছে ছিনতাই করা ইজিবাইকসহ ছিনতাইকারীদের রক্তমাখা জামাকাপড়। সেইসাথে সন্ধান পাওয়া গেছে ছিনতাইকারী চক্রের আস্তানা।
জানা যায়, সোমবার রাত ৮টার দিকে জেলা শহরের দমদমা কালিগঞ্জ মহল্লার ইজিবাইক চালক আব্দুর রেজ্জাককে একই এলাকার ইজিবাইক ছিনতাই চক্রের অন্যতম সদস্য বাদশা মিয়ার পুত্র মিল্টন (২৫) ও তার আত্মীয় সাগর (২৬) ভাড়ায় নিয়ে যায়। এরপর থেকেই রেজ্জাক নিখোঁজ হয়। রাত অবধি বাসায় না ফেরায় রেজ্জাকের পরিবার তার খুঁজে বের হয়। এক পর্যায়ে তারা মঙ্গলবার ভোরে বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশও তার সন্ধানে নেমে পড়ে। পুলিশ পরে রেজ্জাকের ব্যবহৃত ইজিবাইকটি ছিনতাই চক্রের সদস্য মিল্টনের বাসার কাছ থেকে উদ্ধার করে এবং মিল্টনের বসতঘর থেকে ছিনতাকারীদের রক্তমাখা জামাকাপড় উদ্ধার করে। ওইসময় ইজিবাইক ছিনতাইকারী চক্রের একটি আস্তানারও সন্ধান পায় পুলিশ। ওই আস্তানায় পাওয়া যায় বিভিন্ন এলাকা থেকে চুরি/ছিনতাই করা ইজিবাইকের বিপুল পরিমাণ যন্ত্রাংশ। এরপরই পুলিশ পার্শ্ববর্তী মোবারকপুর এলাকায় আবু আহাম্মেদের ইটের ভাটা থেকে ইট দিয়ে ঢাকা অবস্থায় রেজ্জাকের গলা কাটা লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রেজ্জাকের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওই ঘটনায় সদর থানায় একটি হত্যা ও ছিনতাইয়ের মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ওই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেনি। ছিনতাইকারী চক্রের সদস্য মিল্টন ও সাগর ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
এ ব্যাপারে শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাজাহান মিয়া জানান, ওই ঘটনায় একটি ইজিবাইক ছিনতাইকারী চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে। তদন্তে তাদের দ্রুতই শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য. ৩১ জানুয়ারি রাতে পার্শ্ববর্তী মির্জাপুর কান্দিপাড়া এলাকায় খলিল মিয়া (৪০) নামে এক চালককে হত্যা করে তার ব্যবহৃত ইজিবাইক ছিনতাই করে দুর্বৃত্তরা।
























