শ্যামলবাংলা ডেস্ক : সাইবার ক্রাইমের সঙ্গে জড়িতদের ধরে পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের দমনে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনী অক্লান্ত পরিশ্রম করছে। তাদেরকে ধরতে প্রয়োজনে কিছু দিনের জন্য ভাইবার-হোয়াটসঅ্যাপ বন্ধ রাখা হবে। ওই সময় তিনি গ্রেপ্তারকৃত জঙ্গিদের জামিন দেওয়ার ক্ষেত্রে আরো কঠোর হওয়ার জন্য আদালতের প্রতি আহ্বান জানান। ১১ নভেম্বর বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই আহ্বান জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে এ সংক্রান্ত সম্পূরক প্রশ্নটি করেন সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমাদের গোয়েন্দা সংস্থা, পুলিশ মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে এবং অনেক টাকা খরচ করে জঙ্গিদের গ্রেফতার করে। কিন্তু ১৫ দিন না যেতেই তাদেরকে জামিনে বেরিয়ে আসতে দেখা যায়। এটা সত্যিই খুব দূর্ভাগ্যের।
তিনি বলেন, তাদের পক্ষে একজন আইনজীবী থাকবে এটা স্বাভাবিক। বিচারক বিচার করবেন। আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন। স্বাধীন বলেই কিন্তু তারা এ ভাবে জামিন দিতে পারছেন। তবে আমি আহ্বান জানাবো, জামিন যখন দিচ্ছেন তখন অন্ততঃ ভেবে দেখুন, এরা কি দোষটা করেছে। গ্রেফতারকৃত জঙ্গিদের শাস্তি নিশ্চিত করা গেলে অপরাধ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সব ভালো কাজের কিছু খারাপ দিক আছে। আজ ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ পাচ্ছে। এ সুযোগ ব্যবহার করে কিছু কিছু মানুষ ক্রাইম করছে। দুর্ভাগ্য হলো কিছু লোকের মন্দ কাজের জন্য অনেক সময় ভাল মানুষ কষ্ট পায়। তাই সন্ত্রাসী-জঙ্গিদের ধরতে প্রয়োজনে কিছু দিনের জন্য হলেও ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে। বন্ধ করে হলেও সাইবার ক্রাইমের সঙ্গে জড়িতদের ধরা হবে। তিনি আরো বলেন, আজকে আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তখন নানা সন্ত্রাসী ঘটছে। সেটা কারা ঘটনা ঘটাচ্ছে? যারা ধরা পড়ছে, তাদের পরিচয়টা কি এক জায়গায়। যারা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, সেই জামায়াত-শিবির ও বিএনপির লোকেরাই তাদের দোসর। তারাই বিভিন্ন নামে বিভিন্ন পরিকল্পনায় একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে।
জাতীয় পার্টির ফখরুল ইমামের প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, সড়ক দুর্ঘটনারোধে সারা বিশ্বের মতো বাংলাদেশও থ্রি-ই (ইঞ্জিনিয়ারিং, ইনফোর্সমেন্ট ও এডুকেশন) নিয়ে কাজ করায় সড়ক দুর্ঘটনার সংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে। ২০০৮ সালে দেশে সড়ক দুর্ঘটনা ছিল ৪ হাজার ৪২৭টি এবং এসব দুর্ঘটনায় ৩ হাজার ৭৬৫ জন মারা যায়। ২০১৪ সালে সড়ক দুর্ঘটনা ২ হাজার ২৭টিতে নেমে এসেছে এবং মারা গেছে ২ হাজার ৬৭ জন।





















