শ্যামলবাংলা ডেস্ক : সিমের নিবন্ধন যাচাই করতে গিয়ে একটি ‘ভুয়া’ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম নিবন্ধনের নজির পাওয়া গেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক বৈঠকের পর ব্রিফিংয়ে ওই কথা জানান প্রতিমন্ত্রী। বৈঠকে মোবাইল অপারেটর; নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ, এনটিএমসি; বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তা এবং টেলিকম খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ওইসময় তারানা হালিম দেশের বিভিন্ন অপারেটরের গ্রাহক সংখ্যা ও প্রাপ্ত ডেটার তথ্য (২১ সেপ্টেম্বর পর্যন্ত) তুলে ধরেন। সেই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধনের তথ্যও জানান।
প্রতিমন্ত্রী তারানা বলেন, ‘ভুয়া এনআইডি দিয়ে সিম তোলা এবং এক এনআইডি দেখিয়ে বহু সিম কেনার বেশ কিছু ঘটনা নিবন্ধন যাচাই করতে গিয়ে ধরা পড়েছে। এর মধ্যে একটি ভুয়া পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম নিবন্ধন পেয়েছি। এখানেই শেষ নয়। এরকম আরও রয়েছে।’ তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রায় এক কোটি গ্রাহকের নিবন্ধন যাচাই করা হয়েছে। এর মধ্যে সঠিকভাবে নিবন্ধন হয়েছে মাত্র ২৩ লাখ ৪০ হাজার ৬৮০টি সিম।’
প্রতিমন্ত্রীর এই হিসেবে ৭৫ শতাংশ সিমই ‘সঠিকভাবে নিবন্ধিত’ নয়। এ ধরনের সিম থেকে বড় ধরনের অপরাধ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারানা হালিম।
সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের নির্দেশনা জারি করে সরকার। ওই সিদ্ধান্তের পর মোবাইল গ্রাহকদের সিমের তথ্য যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডার ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়।
প্রতিমন্ত্রী তারানা জানান, ‘অপারেটররা সার্ভিস সেন্টারে ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক্স পদ্ধতি চালু করবে। চূড়ান্তভাবে কার্যক্রম শুরু হবে ১৬ ডিসেম্বর। সচেতন গ্রাহকরা নিজে থেকে সেখানে গিয়ে সিমের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।’ এক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ‘যাদের বয়স ১৮-এর নিচে তাদের সিম নেওয়ারই অনুমতি নেই। তবে যদি নিতেও হয়, তাদের অভিভাবক, মা-বাবা দায়িত্ব নেবেন। তাদের পরিচয়পত্রের বিপরীতে সিম নিতে হবে এবং ওই সিম দিয়ে কোনো অপরাধ হলে, সে দায়ও পরিচয়পত্রের মালিকেরই।’




















