শ্যামলবাংলা ডেস্ক : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজারের সব খাত খুলছে। সোমবার প্রবাসীকল্যাণ ভবনে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের ওই কথা জানান। মন্ত্রী বলেন, মালয়েশিয়া জিটুজি প্লাস (বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মাধ্যমে) পদ্ধতিতে শ্রমিক নিতে আগ্রহী। মূলত এটা নিয়েই আলোচনা চলছে। জিটুজির সঙ্গে এ পদ্ধতির পার্থক্য হচ্ছে বাংলাদেশ চাইলে বায়রাকেও প্রক্রিয়ায় সংযুক্ত করতে পারবে। আর এতদিন শুধু প্লান্টেশন সেক্টরে শ্রমিক নেয়া হতো। এখন সব সেক্টরেই নেয়া হবে।
শুধু শ্রমিক নয় চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, নির্মাণসহ সবগুলো খাতই বাংলাদেশীদের জন্য খুলে দেয়া হয়েছে বলে উল্লেখ করে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, আজ এ বিষয়ে মালয়েশিয়া প্রতিনিধি দলের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের জনশক্তি রফতানির বড় বাজার মালয়েশিয়া। বর্তমানে প্রায় ৬ লাখ বাংলাদেশী সেখানে বিভিন্ন পেশায় কাজ করছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৩ সালে জিটুজি (সরকারি পর্যায়ে) পদ্ধতিতে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে শুরু করে মালয়েশিয়া। তবে শুধু খামারে কাজ করার জন্য শ্রমিক নেয়ার কারণে ওই উদ্যোগে আশানুরূপ সাড়া মেলেনি। প্রতি ৬ মাসে ৫০ হাজার শ্রমিক পাঠানোর লক্ষ্য ঠিক হলেও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসেবে গত ২ বছরে পাঠানো হয়েছে মাত্র সাত হাজারজন। ২৪ জুন কুয়ালালামপুরে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে এক বৈঠকে মালয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি আগামী ৩ বছরে ১৫ লাখ শ্রমিক নেবেন বলে জানিয়েছিলেন। মালয়েশীয় মন্ত্রীর সে ঘোষণার পরপরই জিটুজি পদ্ধতি সংস্কার করে এতে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকেও (বিটুবি) অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়।
এ বিষয়ে নুরুল ইসলাম বিএসসি বলেন, বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী নন। এ সফরে তারা এ রকম কোনো প্রস্তাব নিয়েও আসেনি। আমরা আশা করছি, জিটুজি প্লাস পদ্ধতিতে মাস খানেকের মধ্যে শ্রমিক পাঠানো শুরু করা যাবে। নতুন পদ্ধতিতে অভিবাসন ব্যয় সম্পর্কে তিনি বলেন, যদি সরকারিভাবে বিএমইটির মাধ্যমে কোনো শ্রমিক পাঠানো হয়, তাহলে ৩৬-৩৭ হাজার টাকা লাগবে। আর যদি বেসরকারি সংস্থার মাধ্যমে যায়, তাহলে সর্বোচ্চ ৬০ হাজার টাকা লাগবে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য তৈরি করা ডাটাবেস থেকেই শ্রমিকদের বাছাই করা হবে বলে জানান মন্ত্রী। বেসরকারি পর্যায়ে (বিটুবি) শ্রমিক পাঠানো কি তাহলে থমকে যাচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, না, বিষয়টি এমন নয়। তারা বিটুবি বিষয়ে কোনো প্রস্তাবনা নিয়ে আসেননি। ঢাকায় সফররত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল শারফুদ্দিন বিন এইচজে কাসিমের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার নরলিন ওথমানও বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রবাসীকল্যাণমন্ত্রী ছাড়াও বাংলাদেশের পক্ষে মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার এবং জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।




















