স্টাফ রিপোর্টার : শেরপুরে পৃথক ঘটনায় হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার হয়েছে ২ মাদক ব্যবসায়ী। ৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এরা হচ্ছে শহরের মীরগঞ্জ মহল্লার মুসলিম উদ্দিনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৫) ও খরমপুর মহল্লার টিক্কাপাড়া মহল্লার খলিলুর রহমানের ছেলে জনি মিয়া (৩২)। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জেলা কারাগার কম্পাউন্ড থেকে সাদ্দাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আড়াই গ্রাম হেরোইনসহ হাতে নাতে আটক করে কারারক্ষীরা। পরে খবর পেয়ে থানা পুলিশের এসআই আব্দুল করিম তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্র জানিয়েছে, হাজতী আসামীদের কাছে ওই হেরোইন সরবরাহ করার জন্যই সে কারা কম্পাউন্ডের দর্শনার্থী কক্ষের কাছে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। ওই অবস্থায় প্রধান কারারক্ষী বাবুলসহ কয়েকজন তাকে আটক ও দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে হেরোইনের সন্ধান পায়। কিন্তু ওই ঘটনায় কারা কর্তৃপক্ষ মামলা দিতে গড়িমসি করায় অগত্যা পুলিশ বাদী হয়েই সেই মামলা রুজু করে।
এদিকে একই দিন সকালে শেরপুর ডিবি পুলিশের এএসআই ফজলে এলাহীর নেতৃত্বে একটি দল ৩ গ্রাম হেরোইনসহ শহরের খরমপুর টিক্কাপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী জনি মিয়াকে আটক করে। ডিবির ওসি নজরুল ইসলাম জানান, জনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মাদক বিক্রি করে থাকে।









