শ্যামলবাংলা ডেস্ক : গ্রাহক পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাম বৃদ্ধির ওই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান এ আর খান জানান, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ এবং গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্যাস ও বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে।
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রাহক পর্যায়ে একচুলার জন্য ৬০০ টাকা এবং দুই চুলার জন্য ৬৫০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিক প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম প্রতি ঘনমিটার ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। সার ও বিদ্যুৎ উৎপাদন ছাড়া সব ক্ষেত্রে গ্যাসের দাম বেড়েছে
গত জানুয়ারির শেষ সপ্তাহে ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে গণশুনানি করে বিইআরসি। তবে গণশুনানিতে দাম বাড়ানোর পক্ষে কোনো যুক্তি পাওয়া যায়নি। এরপর বৃহস্পতিবার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিল বিইআরসি।



















