শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ৫২ বোতল ভারতীয় মদসহ শহীদ মিয়া ওরফে কাপ্পু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ২৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের বগলাকান্দি গ্রামের রাজ্জাকের বাড়ির উত্তর পার্শে¦ কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই লুৎফর রহমান, এসআই আনোয়ার হোসেন ও এএসআই মিল্টন মন্ডল সংগীয় ফোর্সসহ মঙ্গলবার সকালে শ্রীবরদীর সীমান্তবর্তী বগলাকান্দি গ্রামে অভিযান চালায়। ওইসময় মাদক ব্যবসায়ী শহীদসহ ৩/৪ জন মাদক ব্যবসায়ী ২ টি বস্তায় করে ৫২ বোতল অফিসার্স চয়েজ ব্লু ব্র্যান্ডের ভারতীয় মদ বহন করে নিয়ে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতরা পালিয়ে গেলেও পুলিশ শহিদকে মদসহ আটক করতে সক্ষম হয়। ওই ঘটনায় শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।









