ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদীগুলোর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চলগুলোতে পানিবন্দী এলাকার সংখ্যা বাড়ছে। গত ক’দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানির তোড়ে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, ভেঙ্গে এ উপজেলা বিধ্বস্ত জনপথে পরিণত হয়েছে। বিভিন্ন এলাকায় অভ্যন্তরিণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার পানি প্রবেশ করায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো পাঠদানের উপযোগী হয়ে উঠেনি। ঢলের পানির তোড়ে সহস্রাধিক পুকুর তলিয়ে কোটি টাকা মূল্যের মাছ ভেসে যাওয়ায় মৎস্যচাষীরা এখন চরম বিপাকে। ঢলের পানির তোড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৫শ’ ঘর-বাড়ী বিধ্বস্ত, ১৭টি গবাদিপশুর মৃত্যু, ৩৪টি কাঠের ব্রিজ, ১টি পাকা ব্রিজ ও ২ শতাধিক কালভার্ট বিধ্বস্ত হয়েছে। ঢলের পানির তোড়ে দেয়াল চাপা পড়ে নলকুড়া ইউনিয়নে একই পরিবারের ৪জনসহ মোট ৫জন আহত হয়েছে। প্রায় ৫ হাজার হেক্টর জমির আমনক্ষেত বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। নলকুড়া, ও ধানশাইল ইউনিয়নে এলজিইডি’র কাচা ও পাকারাস্তা ভেঙ্গে উপজেলার অভ্যান্তরীন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিধ্বস্ত জনপথে পরিণত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ। নদীগুলোতে পানি কমতে শুরু করলেও ভাটি এলাকায় বন্যা পরিস্থিতি’র অবনতি হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের সংকটসহ গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। সরেজমিনে অনুসন্ধান করে দেখা গেছে, বন্যা কবলিত বিভিন্ন গ্রামের লোকজনের বাড়িতে চুলা জ্বলছে না। শুকনা খাবার খেতে হচ্ছে তাদের। তাদের পারাপার হতে হচ্ছে কলার ভেলা ও নৌকাযোগে। সংসদ সদস্য একেএম ফজলুল হকের উদ্যোগে যে পরিমাণ ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়া পানিবন্দী এলাকার মানুষের পাশে দাড়ায়নি কেউ।









