স্টাফ রিপোর্টার : শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব বালক এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। ২৪ আগস্ট সোমবার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, ডিএফএ সভাপতি আব্দুল ওয়াদুদ অদু, ডিএসএ সম্পাদক নাজিমুল হক, সম্পাদক মানিক দত্তসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা গোল্ডকাপ ফুটবলের প্রথম খেলায় গতবারের চ্যাম্পিয়ন শ্রীবরদীর মাটিফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে নকলার খৈয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। দ্বিতীয় খেলায় শেরপুর সদরের দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা ট্রাইব্রেকারে ১-০ গোলে ঝিনাইগাতীর গিলাগাছা পানিউচা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য অমিমাংসিত ছিল।









