ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : রাজধানী ঢাকায় আওয়ামী লীগের জনসভায় ২১ আগস্ট গ্রেনেড হামলার ১১ বছর পূর্তি উপলক্ষে ঝিনাইগাতীতে উপজেলা যুবলীগের উদ্যোগে শোকর্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট শুক্রবার অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা আওয়ামী লীগ অফিসে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরান খানি, মিলাদ মাহফিল ও আইভি রহমানসহ নিহত ও আহতদের স্বরণে দোয়া। বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগ আয়োজিত ওই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বশিরুল ইসলাম শেলু, শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক এমএ হাকিম , আনোয়ার হোসেন মন্টু, হারুন অর রশিদ, মোজাম্মেল হক, আলহাজ মোস্তাফিজুর রহমান লেবু, আইয়ুব আলী বিদ্যুত, উমর ফারুক, শাহজাহান মাষ্টার, শাহরিয়ার খান শাওন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বজিৎ রায়। ওইসময় বক্তারা ২০০৪ সালে ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান। পরে এক বিশাল শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় আমতলায় গিয়ে শেষ হয়।









