রেজাউল করিম বকুল, শেরপুর : রাতভর টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের উত্তরাঞ্চলের ৪০ টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে বাড়িঘর, রাস্তাঘাট, বাজার, মৎস্যখামার, রোপা আমন ক্ষেত ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। শনিবার সকাল থেকে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আজ শনিবার বিকাল পর্যন্ত পানি বৃদ্ধি পাওয়ায় আরো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি বন্দি লোকজন অনেকেই বাড়িঘর ছেড়ে উচু স্থানগুলোতে অবস্থান নিচ্ছে। ভায়াডাঙ্গা ও কর্ণঝোড়া বাজার পানিতে তলিয়ে যাওয়ায় বাজারের দোকানপাটের মালামাল সরিয়ে নেয়া হচ্ছে। পানিবন্দি অনেকের মাঝে খাবার পানি সংকট দেখা দিয়েছে। এতে ব্যাপক ক্ষতির আশংকা করছেন বন্যা কবলিতরা। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পানিবন্দি কয়েক লাখ মানুষ।
শুক্রবার রাতভর টানা বর্ষণে পাহাড়ি ঢলে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার উত্তরাঞ্চলের ভায়াডাঙ্গা, বিলভরট, বালিজুরি, রানীশিমুল, কন্টিাপাড়া, ঘোনাপাড়া, গেরামারা, বাঘহাতা, কর্ণঝোড়া, মেঘাদল, সিংগাবরনা, মাটিফাটা, বরইকুচি, গোন্দ্রিপুর, হালুহাটি, টেংগড়পাড়া, বিষ্ণপুর, ধানশাইল, দুুধনইসহ প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে বাড়িঘর, রাস্তাঘাট, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, পুকুর, মৎস্য খামারসহ রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। আজকের দিন পানি বাড়লে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হবে।









