শ্যামলবাংলা ডেস্ক : ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের তিন জঙ্গিকে সাতদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। ওই তিনজন হলেন- মো. তৌহিদুর রহমান (৫৮), সাদেক আলী মিঠু (২৮) ও আমিনুল মল্লিক (৩৫)। এদের মধ্যে তৌহিদুর বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক। ১৯ আগস্ট বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. ফজলুর রহমান তাদের ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন করেন। উভয় আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান জামিন আবেদন নাকচ করে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার রাতে রাজধানীর দুটি এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করে র্যাব। পরে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, তারা তিনজন উগ্রপন্থি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, কারাবন্দি এবিটির শীর্ষ নেতা জসীমুদ্দীন রাহমানির নির্দেশে সাদেকসহ পাঁচজনের একটি দল ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশকে হত্যায় জড়িত।




