শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর আগে কখোনই রিজার্ভ এই উচ্চতায় যায়নি। ১৭ আগস্ট সোমবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৬ দশমিক ০৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান এই তথ্য জানিয়ে বলেন, বিদেশি মুদ্রার রিজার্ভ ২ হাজার ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। এই রিজার্ভ দিয়ে ৭ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। গত ২৫ জুন প্রথমবারের মতো ২৫ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যায় রিজার্ভের পরিমান।
মে-জুন মেয়াদের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর রিজার্ভ ২৫ বিলিয়ন ডলারের নিচে নেমে এলেও ১৪ জুলাই ফের তা ২৫ বিলিয়ন ডলার ছাড়ায়।
ছাইদুর রহমান জানান, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রিজার্ভ ২৬ বিলিয়ন ডলারের ওপরেই থাকবে। কেননা আকুর জুলাই-অগাস্ট মেয়াদের বিল শোধ করতে হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে।




















