শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হল এশিয়ার বৃহত্তম ই-লাইব্রেরি। বিশ্বের ৩৫টি খ্যাতিমান লাইব্রেরি এবং প্রকাশনা সংস্থার সঙ্গে এই অত্যাধুনিক ই-লাইব্রেরি সংযুক্ত করা হয়েছে। এটি ব্যবহারের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহের লাইব্রেরির বই, জার্নাল, গবেষণাপত্র ও প্রবন্ধ পড়তে পারবেন। ১০ আগস্ট সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে লাইব্রেরিটি উদ্বোধন করেন ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ।
ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অত্যাধুনিক ই-লাইব্রেরি সুবিধার সদ্ব্যবহারের মাধ্যমে বিশ্বমানের গ্র্যাজুয়েট হিসাবে গড়ে উঠতে হবে। তথ্য-প্রযুক্তির অপব্যবহার থেকে শিক্ষার্থীদের মুক্ত থাকতে হবে।
উল্লেখ্য, রবি আজিয়াটা লিমিটেডের আর্থিক সহযোগিতা এবং ডেল, ওরিয়ন গ্রুপ ও লজিক সফ্টওয়্যারের কারিগরি সহায়তায় লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়েছে।




















