খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : নির্মাণের ২ বছর না যেতেই ভেঙে গেছে ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া-কুড়ালিয়াকান্দা রাস্তায় নির্মিত ব্রিজটি। ফলে এ পথে যাতায়াতকারী হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, ২০১১-১২ অর্থবছরে ত্রাণ মন্ত্রণালয়ের ২১ লাখ টাকা ব্যয়ে আল-বেরুনী কনস্ট্রাকশন নামে ঠিকাদারী প্রতিষ্ঠান ওই ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করে। এলাকাবাসীর অভিযোগ, ওই ঠিকাদারী প্রতিষ্ঠানটি ব্রিজ নির্মাণে নিম্নমানের সামগ্রী ও প্রয়োজনের তুলনায় কম সামগ্রী ব্যবহার করায় নির্মাণের ২ বছর যেতে না যেতেই ব্রিজটি বিধ্বস্ত হয়ে সর্বসাধারণের চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। এ পথে যাতায়াতকারী প্রায় ২০টি গ্রামের কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সঠিক সময়ে বাজারজাত করতে না পারায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিধ্বস্ত ব্রিজটি আমি এখানে যোগদানের পূর্বে নির্মিত হয়েছে। এরপরও খোঁজ নিয়ে দেখা যাবে। আর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ জানান, ব্রিজটি বিধ্বস্ত হওয়ার কথা তিনি শুনেছেন।




