স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ভুরদি গ্রামে ৯০০ কৃষক পরিবারের মাঝে বিনামুল্যে ৫ টি করে ফলদ গাছের চারা বিতরন করা হয়েছে। এসব চারার মধ্যে রয়েছে একটি করে চায়না-৩ লিচু, লটকন, আমড়া, কাগজী লেবু ও থাই পেয়ারা। এছাড়াও কৃষকদের মাঝে জৈব সার হিসেবে ‘মাইমুছা’ গাছের চারা বিতরন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা অফিস এসব ফলদ গাছের চারা বিতরন করে।
এ উপলক্ষে ২ আগস্ট রবিবার দুপুরে ভুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানেশ্বর্দী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক ড. মো. আব্দুস ছালাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার প্রমুখ। অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন, উপজেলা কৃষক লীগ সভাপতি আলমগীর আজাদ, আদর্শ কৃষক আব্দুল মন্নাফ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবীর জানান, উপজেলা পর্যায়ে কৃষিমেলা আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উদ্বৃত্ত টাকা থেকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পরামর্শে ভুরদি গ্রামের দুইটি ব্লকে ৯০০ কৃষক পরিবারের মাঝে ৫ টি করে ফলদ গাছের চারা বিতরন করা হয়। যাতে বাড়ীর আশপাশে পতিত জমিতে ফলদ বাগান করে কৃষকরা নিজেরা ফল খেয়ে পুষ্টির যোগানের পাশপাশি গাছের ফল বিক্রী করে আর্থিকভাবে লাভবান হতে পারে।









