স্টাফ রিপোর্টার : শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঝগড়ার সময় ছোট ভাইয়ের ধারালো দা’র কোপে বড় ভাই খুন হয়েছে। সদর উপজেলার বলাইয়েরচর দক্ষিণপাড়া গ্রামে ওই ঘটনা ঘটেছে। নিহত ফরহাদ আলী ওরফে ফুয়াদ (৫৫) ওই গ্রামের বিন্দু মিয়ার ছেলে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ২৭ জুলাই সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানিয়েছেন, রবিবার বিকেলে নিজেদের বসতবাড়ীর উঠানে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝগড়ার একপর্যায়ে ছোট ভাই বেলাল হোসেন দা দিয়ে বড় ভাই ফরহাদ আলীর মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওই ঘটনায় নিহতের স্ত্রী ছানোয়ারা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।




















