স্টাফ রিপোর্টার : ভাল রাজা হলে দেশ ভাল হয়, জনগণ সুখে থাকে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ১০ জুলাই শুক্রবার দুপুরে নকলা উপজেলার ধনকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রমজান ও ঈদুল ফিতর উপলে গরীব-দুস্থদের ভিজিএফের চাল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বস্ত্র বিতরণকালে এক সমাবেশে ওই মন্তব্য করেন তিনি। ওইসময় তিনি বলেন, ‘বিগত ৬ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে খাদ্য উৎপাদন বেড়েছে, যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি হয়েছে, মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার কমেছে, স্যানিটেশন ব্যবস্থা পঁচানব্বই ভাগ সম্পন্ন হয়েছে, রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। শতভাগ শিক্ষার্থীকে বছরের প্রথম দিন বিনামূল্যে বই দিয়ে পৃথিবীকে চমকে দিয়েছেন তিনি। এসব দেখে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের মর্যাদা দেওয়া হয়েছে।’
কৃষিমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, তাদের অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমান সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, ‘দেশে খাদ্য ঘাটতি থাকা ভাল, তাহলে ভাল সাহায্য পাওয়া যায়। সেদিন সংসদে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এ বক্তব্যের প্রতিবাদ করে বলেছিলেন, তাহলে কি আপনি ভিক্ষুকদের সর্দার হয়ে থাকবেন।’ আমরা সেদিন বলেছিলাম ‘আমাদের খান্দানি অর্থমন্ত্রী বিশ্বব্যাংক ও আইএমএফের পায়ে তেল মেরে প্লেনে করে ভিক্ষা আনেন।’ মতিয়া চৌধুরী বলেন, ‘আজ এ অবস্থার পরিবর্তন হয়েছে। জাতীয় বাজেটে এখন বৈদেশিক সাহায্যের পরিমাণ মাত্র ১.৫। বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে অর্থ তুলে নিলেও আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করছি।’
ওইসময় মন্ত্রীর সাথে ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, নালিতাবাড়ীর ইউএনও আবু সাইদ মোল্লা, নকলার ইউএনও আবুল কালাম আজাদ, নকলা উপজেলা চেয়ারম্যান মুনির চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান, মোকলেছুর রহমান রিপনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।
























