রাজশাহী: রাজশাহীতে এবার রমজান মাস শুরুর পর থেকেই পটকাবাজি করছে এক শ্রেণির উচ্ছৃঙ্খল যুবক। সারাদিন তো বটেই, চলছে ইফতারের পর থেকে সেহরির আগ পযর্ন্ত। এতে রমজানের পবিত্রতা নষ্ট হচ্ছে। থাকছে না রমজানের ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ।

গোটা মহানগরী জুড়েই চলছে পটকাবাজদের দৌরাত্ম্য। মহানগরীর কুমাড়পাড়া, আলুপট্টি, সাহেব বাজার, সোনাদীঘীর মোড়, রানীবাজার, অলোকার মোড়, নিউমার্কেট, খড়খড়ি, কাদিরগঞ্জ, শিরোইল কলোনী, আসামকলোনী, শালবাগান, টিকাপাড়া, ডিঙ্গাডোবা বাইপাস, কোর্ট স্টেশনসহ বিভিন্ন এলাকায় পটকার বিকট শব্দে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। বিশেষ করে ভোগান্তিতে পড়েছে শিশু ও হৃদরোগে আক্রান্তরা।
মহানগরীর শিরোইল কলোনি এলাকার শিক্ষক সেলিম আহমেদ বলেন, শবে বরাত আসলেই পুলিশ পটকাবাজি নিষিদ্ধ করে। এবারও করেছে। কিন্তু এরপরও রমজান মাসে নগরে বেপরোয়াভাবে পটকাবাজি হচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমস্যা আরও বাড়বে বলে জানান তিনি।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, বিষয়টি তাদের নজরেও এসেছে। তাই শিগগিরই পটকাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলে জানান তিনি।
























