রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারী উপজেলার সীমান্ত এলাকা মোল্লার চর থেকে প্রায় ৪’শ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে ফেন্সিডিলগুলো আটক করা হয়। মোল্লার চর বিজিবি ক্যাম্পের হাবিলদার সহিদুল হকের নেতৃত্বে চলে এ অভিযান। ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা কোম্পানী কমান্ডার রেজাউল ইসলাম বলেন, অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে রৌমারী থানায় একটি জিডি করা হয়েছে।

রৌমারী প্রেসক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ উপলক্ষে রৌমারী প্রেসক্লাব আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মর্নিংসান কেজি’র রুবাইয়াত হাদি লুবনা প্রথম, ক্রীডেন্স স্কুলের ফেরদৌসী খাতুন দ্বিতীয় ও খঞ্জনমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পলাশ আহমেদ তৃতীয় স্থান অধিকার করে। প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, উপদেষ্টা সরকার নূরুল ইসলাম, সাংবাদিক সাদিক হোসেন, সুজাউল ইসলাম সুজা, মতিয়ার রহমান চিশতি, মায়াক্ষের আলম সোনাসহ অনেকে।




