মোনায়েম মন্ডল, গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার হাট বাজারে পানির দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ, মরিচ চাষিরা লোকসানের হিসাব গুনছেন। বর্তমান বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা হতে ১০০ টাকা মণ দরে, যা গত বছর এ সময়ে বিক্রি হয়েছে ৮’শ হতে ১ হাজার টাকা মণ দরে। বর্তমান বাজারে ৩’মণ কাঁচা মরিচ বিক্রি করেও মরিচ চাষিরা ১ কেজি গরুর মাংস ক্রয় করতে পারছেন না। যেখানে বাজারে ১ কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে।
গতকাল সাদুল্যাপুরের ঐতিহ্যবাহী কাচা মালের হাট ধাপেরহাট বাজারে বিক্রির জন্য আনা মরিচ বিক্রি না হওয়ায় মরিচ চাষি কৃষকেরা দুঃখ, ক্ষোভে, তাদের উৎপাদিত কষ্টের ফসল মহাসড়কে ঢেলে ফেলে দিয়ে গেছে। এমনকি ক্রেতা না থাকায় অনেক চাষি হাটের ড্রেনে মরিচ ফেলে দিয়ে গেছে। উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুরের পীরগঞ্জ এবং গাইবান্ধার সাদুল্লাপুর এলাকার মাটি উচু হওয়ায় ঐ এলাকার চাষিরা ব্যাপক মরিচ চাষে ঝুকে পরেছে, এলাকার চাহিদা মিটিয়ে এ কাঁচা মরিচ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানী হয়ে থাকে।
গত মৌসুমে মরিচ চাষিরা লাভের মুখ দেখে চলতি বছর অধিক মরিচ চাষে ঝুকে পরে এবং বাম্পার ফলন হয়েছে। কিন্তু বিধিবাম, মৌসুমের শুরুতেই মরিচের বাজারে ধস নেমেছে। গত ১ মাস যাবৎ একই দামে বিক্রি হচ্ছে মরিচ কিছুতেই দাম বৃদ্ধি না হওয়ায় হতাশায় ভুগছে মরিচ চাষিরা। ১ মণ মরিচ জমি থেকে তুলতে একটি মহিলা শ্রমিকের মুল্য দিতে হয় ১২০ টাকা, পরিবহন খরচ দিয়ে এবং হাটের খাজনা দিয়ে ১ মন মরিচ জমি থেকে আনতে খরচ হয়ে যায় ১৫০ টাকা, সেখানে বাজারে বর্তমানে ৮০ হতে ১০০ টাকা মণ দরে মরিচ বিক্রি হচ্ছে। তার ওপর বীজ,সার, কীটনাশকসহ ১মণ মরিচ উৎপাদন করতে কৃষকের প্রায় ২০০ টাকা খরচ হয়েছে।
মরিচ চাষি সাদুল্যাপুরের তিলকপাড়া গ্রামের আলম মিয়া, খয়বার জামান, খামার পাড়া গ্রামের ওয়াহেদ আলী ও নিজপাড়া গ্রামের খাইরুল আলম জানান- বাজারে মরিচ বিক্রি করতে এসে মহা দূর্ভোগে পরেছি। ক্রেতা শুন্য বাজারে দাম অত্যন্ত কম, তাই অনেক মরিচ চাষি সরকারের দৃষ্টি আকর্ষনের জন্য কষ্টের এই ফসল রাজপথ অর্থাৎ মহাসড়কে ঢেলে ফেলে দিয়ে যাচ্ছে এবং তাদের দুঃখ ও ক্ষোভ প্রকাশ করছে।
সাদুল্যাপুর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে এবারে অত্র উপজেলায় ৪১০ হেক্টর জমিতে কাঁচা মরিচের চাষ হয়েছে। উপ-সহাকরি কৃষি কর্মকর্তা তানজিমুল হক জানান, উচু ভিটা মাটিতে মরিচের বাম্পার ফলন হয়েছে। কিন্তু অন্যান্য বছরের তুলনায় বাজারে মরিচের দাম না থাকায় অত্র এলাকার মরিচ চাষিরা ব্যাপক লোকসানের হিসাব গুনছেন।



















