ইয়ানুর রহমান, যশোর : বেনাপোল সীমান্ত থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে কোনো আসামিকে আটক করতে পারেনি বিজিবি। বেনাপোলের গাতীপাড়া সীমান্তের একটি মাঠ থেকে রবিবার রাত ৯টার দিকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি‘র একটি টহল দল গাতীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি দেশীয় কাটা রাইফেল উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কারা অস্ত্র দুটি কী উদ্দেশ্যে মাঠের মধ্যে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।




