শ্যামলবাংলা ডেস্ক : অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের আওতায় রবিবার থেকে সারা দেশে চালু হল বিনা খরচে ইন্টারনেট সেবা।

ফেইসবুকের এ প্রকল্পের (www.internet.org) আওতায় ডেটা খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যাবে; পাওয়া যাবে বিভিন্ন ওয়েবসাইট দেখার সুযোগ। বাংলাদেশে এ প্রকল্পে সহায়তা করছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। প্রাথমিকভাবে শুধু রবি গ্রাহকরাই এ সুবিধা পাবেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রবিবার বেলা ১১টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে প্রকল্পটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ফেইসবুকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে এ প্রকল্পের আওতায় দেশের প্রথম সারির কয়েকটি সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহসহ মোট ২৬টি ওয়েবসাইট বিনামূল্যে দেখা যাবে। অর্থাৎ এসব ওয়েবসাইট ব্রাইজ করতে গ্রাহকের কোনো ইন্টারনেট খরচ লাগবে না। শুরুতে শুধু রবির গ্রহকরা এ সুবিধা পেলেও পরবর্তীতে অন্য অপরেটররাও এতে যুক্ত হবেন।
পর্যায়ক্রমে সরকারের সব সেবাদানকারী ওয়েবসাইট ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কনটেন্টও এ সুবিধার আওতায় আসবে।
ইন্টারনেট ডট ওআরজি অ্যাপের সাহায্যে মোবাইলে এবং সরাসরি কম্পিউটারে বিনা খরচে ওই সব ওয়েবসাইটের বিস্তারিত দেখা যাবে। অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ইন্টারনেট ডট ওআরজিতে লগ ইন করে ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
গত ২১ এপ্রিল এটুআই ও তথ্যপ্রযুক্তি বিভাগ এ প্রকল্প চালুর উদ্যোগ নিলেও কিছু কারিগরি জটিলতার কারণে তা সম্ভব হয়নি।
ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিশ্বের ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ইন্টারনেট ডট ওআরজি প্রতিষ্ঠা করেন। এটি একটি বৈশ্বিক অংশীদারিত্বমূলক উদ্যোগ। এশিয়া, আফ্রিকাসহ বিভিন্ন মহাদেশের ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের কাছে ইন্টারনেট পৌঁছানোই এর মূল লক্ষ্য।
ইতিমধ্যে তানজানিয়া, কেনিয়া, কলাম্বিয়া, ঘানা, জাম্বিয়া ও ভারতে এ প্রকল্প চালু হয়েছে।
ফেইসবুকের পাশাপাশি এ উদ্যোগে রয়েছে স্যামসাং, এরিকসন, মিডিয়াটেক, ওপেরা সফটওয়্যার, কোয়ালকম ও নকিয়া।




