স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি চিকিৎসক ও নার্সদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আন্তরিকভাবে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করলে সবকিছু ভালোভাবে করা যায়। গরীব মানুষরাই সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাদেরকে সঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়াটা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব।

তিনি বলেন, সরকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতি ৬ হাজার লোকের জন্য গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। সরকার আগামী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করতে কাজ করে যাচ্ছে। শিশু মৃত্যুহার রোধে চিকিৎসক-নার্সদের নিয়ে শেরপুরে ৭ মে বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিউর রহমান আতিক এসব কথা বলেন।
‘গ্লোবাল উইক অব অ্যাকশন’ উদযাপন উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় ওয়ার্ল্ড ভিশনের নবকলি পুষ্টি প্রকল্প এ আলোচনা সভার আয়োজন করে। জেলা হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত আলাচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিএমএ জেলা সভাপতি ডা. আব্দুল বারেক তোতা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্পাদক ডা. এটিএম. মামুন জোস, ‘নবকলি’ পুষ্টি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. বুশরা আমেনা, সিনিয়র এডিপি ব্যবস্থাপক সজল বৈদ্য, জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা প্রমুখ।
আলোচনা সভায় দেশে প্রতিরোধযোগ্য শিশুমৃত্যু নিমূল করতে অংশগহনকারীরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য হাত তুলে অঙ্গীকার ব্যক্ত করেন। এতে নার্সিং ইনস্টিটিউিটের শিক্ষার্থী ও জেলা হাসপাতালে কর্মরত দেড় শতাধিক নার্স এবং চিকিৎসকরা অংশগ্রহণ করেন।




