কেশবপুর (যশোর) সংবাদদাতা : কেশবপুরে কতিপয় ব্যবসায়ী সিন্ডিকেট ও কর্মকর্তাদের দূর্নীতির কারণে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারের গম সংগ্রহ কার্যক্রম ভেস্তে গেছে। ফলে চলতি মৌসুমে কৃষকদের পরিবর্তে উপজেলা খাদ্যগুদামে সরকারি মূল্যে গম বিক্রি করেছে ৭/৮ জনের একটি ব্যবসায়ী সিন্ডিকেট। এতে ওই ব্যবসায়ী সিন্ডিকেট ও কর্মকর্তাদের পকেটে গেছে প্রায় ১০ লাখ টাকা। সিন্ডিকেট মাধ্যমে মাত্র ৫ দিনের মধ্যে গম সংগ্রহ কার্যক্রম শেষ করা হয়েছে। আর এ কারণে কৃষকরা গুদামে গম বিক্রি করতে না পারায় তাদের ভেতর ক্ষোভ বিরাজ করেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কেশবপুর উপজেলায় গম চাষের লক্ষ্যমাত্রা ছিল ২শ’ ৭৯ হেক্টর জমি। সেখানে গমের চাষ হয়েছে লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুন ৫শ’ ১০ হেক্টর জমিতে। ফলে এ বছর কেশবপুরে গম উৎপাদন হয়েছে প্রায় ১ হাজার ৭শ’ মেট্রিক টন। সরকারের ঘোষনা অনুযায়ি ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত কেশবপুর খাদ্য গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৮ টাকা দরে ১শ’ ৩৪ মেট্রিক টন গম ক্রয় করার সরকারি নির্দেশনা দেয়া হয়। কিন্তু অন্যবারের ন্যায় উপজেলা কৃষি অফিস থেকে প্রকৃত গম চাষীদের কোন তালিকা নেয়া হয়নি। কতিপয় চিহিৃত ব্যবসায়ীর মাধ্যমে ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৭/৮ টি গ্রামের ১শ’ ৩২ জন কৃষকের নামে গম ক্রয় দেখিয়ে সংগ্রহ কার্যক্রম শেষ করা হয়েছে। এ ক্ষেত্রে খাদ্যগুদাম কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ওই ব্যবসায়ীরা কৃষি ভর্তুকি পাইয়ে দেয়ার কথা বলে পরিচিত কৃষকদের কৃষি কার্ডের ফটোকপি সংগ্রহ করে গমের সাথে জমা দিয়েছে। এদের অধিকাংশ কৃষকই জানেই না যে তাদের নামে গুদামে গম কেনা হয়েছে। এমন কি যাদের মানে গম ক্রয় দেখানো হয়েছে তাদের অনেকে এ বছর গমের চাষই করেননি বলে জানা গেছে।
টানা এক মাস ধরে গম সংগ্রহের সরকারি নির্দেশনা থাকলেও মাত্র ৫ দিনেই সংগ্রহ কার্যক্রম শেষ করে কর্মকর্তাদের যোগসাজসে অগ্রণী ব্যাংক কেশবপুর শাখা থেকে কৃষকদের নামে ওই ব্যবসায়ীরাই ৩৬ লাখ ৯৬ হাজার টাকা উত্তোলন করেছে বলে একটি সূত্র জানিয়েছে। ওই টাকা থেকে কেজি প্রতি ২ টাকা হিসেবে ২ লাখ ৬৪ হাজার টাকা কর্মকর্তাদের দিতে হয়েছে বলে ব্যবসায়ীদের একটি সূত্র থেকে জানা গেছে। খাদ্য অধিদপ্তর থেকে ব্যাংকে যেসব কৃষকদের নামে ওজন মান ও মজুদ সনদ (ওমম) সরবরাহ করা হয়েছে তাদের প্রায় সকলের বাড়ি ভেরচী, বুড়ুলি, মূলগ্রাম, আলতাপোল, দোরমুটিয়া, কাস্তা ও ভোগতী নরেন্দ্রপুর গ্রামে। খাদ্য গুদাম থেকে কথিত কৃষকদের নামে যে বিল করা হয়েছে সেই বিলে কৃষকদের স্বাক্ষরের সাথে কৃষি কার্ডের স্বাক্ষরের কোন মিল নেই বলেও জানা গেছে।
বারুইহাটি গ্রামের কৃষক পার্থ সারথী রায় লেবু জানান, গুদামে গম সরবরাহের জন্য যোগাযোগ করা হলে বার বার বলা হয়েছে এখনো চিঠি আসেনি। ফলে তিনি ব্যবসায়ীদের কাছে ৮শ’ টাকা মণ দরে বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন বলে জানান। তার মতে ন্যায্য মূল্যে গুদামে গম সরবরহ করতে না পেরে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মূলগ্রামের নিরাজ্ঞন দাস জানান তিনি গমই চাষ করেননি, তার মতো মহিতোষ দাস, পলাশ দাস, তপন দাস, সজ্ঞয় দাসসহ অনেকের নামে গম ক্রয় দেখানো হয়েছে তথচ তারা কেউ গুদামে গম বিক্রি করেননি বলে জানিয়েছেন। এ ব্যাপারে কেশবপুর খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) প্রভাত কুমার পাল বলেন, আমরা যে সময় গম ক্রয় শুরু করেছি তখন কৃষকদের গম ছিল না। দু’এক জনের ছিল তারা দিয়েছে। সেকারনে যাদের কৃষি কার্ড নিয়ে অহেদুজ্জামান, বিষ্ণু, রফিকসহ ৭/৮ জন ব্যবসায়ী গুদামে গম সরবরাহ করেছে। কেজি প্রতি ২ টাকা উৎকোচ নেয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, গম রোদ দেয়া, ঝাড়া ও লেবারের টাকা ছাড়া কোন টাকা নেয়া হয়নি। গম ক্রয় কমিটির সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস জানান, গম ক্রয় সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি কোন কৃষককে নির্বাচিত করে দেননি বা তার নিকট থেকে প্রকৃত গম চাষীদের কোন তালিকাও নেয়া হয়নি।



















