padmaএইচ এম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : পদ্মা সেতুর নামকরণ উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক, জাতীয় নেতা শেরে বাংলার নামে করার দাবি উঠেছে। শেরে বাংলার ৫৩তম মৃত্যাবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান ঝালকাঠির রাজাপুরে ২৭ এপ্রিল সোমবার অনুষ্ঠিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়। ঢাকাস্থ শেরে বাংলা স্মৃতি একাডেমি ও রাজাপুর রিপোর্টার্স ইউনিটি যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সাতুরিয়ায় অবস্থিত শেরেবাংলার জন্মভবনসহ তার স্মৃতিচিহ্ন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রাষ্ট্রীয়ভাবে সাতুরিয়ায় শেরে বাংলার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করারও দাবি করা হয়।

আলোচনা সভায় রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরউজ্জামান প্রধান অতিথি এবং শেরে বাংলা স্মৃতি একাডেমির আজীবন সদস্য সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু প্রধান বক্তা ছিলেন। সভাপতিত্ব করেন রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বদরুদ্দিন তোতা মৃধা। রাজাপুর থানার অফিসার ইনচার্জ হারুণ অর রশিদ, রাজাপুর প্রেস কাবের সহসভাপতি এনামুল হোসেন খান, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আহসানুল কবির মামুন, ঝালকাঠি মিডিয়া কাবের সহসভাপতি রহিম রেজা, রাজাপুর প্রতিবন্ধী সমিতির নির্বাহী পরিচালক মোঃ আলমগীর শরীফ প্রমুখ শেরে বাংলা জীবনের বিভিন্ন দিক আলোকপাত করেন।
অনুষ্ঠানে পরে শেরে বাংলার বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।



















