চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়ায় একের পর এক হত্যাকান্ডের ঘটনায় সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। থানা পুলিশ এ পর্যন্ত পূর্বের হত্যাকান্ডের মূল ঘাতকদের কাউকে গ্রেফতার না করাতে গত ৬ মাসে ১৫টি খুনের ঘটনা সংঘটিত হয়েছে। একইভাবে উপজেলার বিভিন্ন সড়কে ডাকাতির ঘটনাও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি চুরি, ছিনতাই, অপহরণ ও ধর্ষণের ঘটনাও বেড়ে গেছে। সবমিলিয়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
সর্বশেষ ২৩ ডিসেম্বর চকরিয়া উপজেলার উত্তর মানিকপুর নতুন বাজার এলাকায় বিএনপি সন্ত্রাসীদের হাতে নজির আহমদের পুত্র আবু বক্কর (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। ১৯ ডিসেম্বর পৌরসভার ৮নম্বর ওর্য়াডের চেয়ারম্যানপাড়ায় আপন ভাতিজা পরিবহন শ্রমিক নেতা মৃত ছৈয়দ নুর সিকদারের ছেলে মো: আবদুল আজিজ (৩৭) কে কোপিয়ে হত্যা করে। ১৮ডিসেম্বর সাহারবিল ইউনিয়নের ফাড়িতফোড়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয় ওই গ্রামের আবুল হোসেনের ছেলে হুমায়ন কবির রুবেল (১৮)। ১৫ডিসেম্বর কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী জলদাস পাড়া গ্রামের রাজন্দ্র জলদাশের ছেলে কমল জলদাস (৪০) থানার সামনেই সন্ত্রাসীর ছুরিকাঘাতে খুন হয়। তিনি থানায় করা একটি অভিযোগের বিচারে আসলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। ১ডিসেম্বর ডুলাহাজারায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে খুন হন কাউসার উদ্দিন নামের কৈয়ারবিলের এক যুবক। গত ১৯ অক্টোবর চকরিয়া পৌরএলাকার নিজপানখালী এলাকায় ডাকাতের গুলিতে নিজবাড়িতে খুন হন স্কুল শিক্ষক নারায়ণ দাশ (৩৩)। ১২অক্টোবর উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনায় সন্ত্রাসীরা কোপিয়ে হত্যা করে খোরশেদ আলম (২৮) কে। ২২ আগষ্ট উপজেলার ডুলাহাজারায় ডাকাতের গুলিতে নিজবাড়িতে খুন হন গৃহবধু শারমিন আক্তার নিলুফা (২২)। ৭আগষ্ট উপজেলা রংমহল এলাকায় গলাটিপে হত্যা করা হয় নুরুল ইসলাম (৫৫) নামক একব্যক্তিকে। গত ২২ জুলাই বরইতলীতে সন্ত্রাসীরা মো: ওসমান (৪০) নামে এক যুবককে কোপিয়ে হত্যা করে। তাছাড়া ৫জুলাই পৌরসভার ৭নং ওয়ার্ডের মৌলভীরকুম ভরাখাল থেকে মিরাজ (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ১০জুলাই পালাকাটা গ্রামে প্রতিপক্ষের হাতে খুন নুরুল কবির (৪৮) নামের একব্যক্তি। ১ জুলাই খুটাখালী বাজারে সন্ত্রাসীরা কোপিয়ে হত্যা করে যুবলীগ নেতা মিজান (২৫) কে। এদিকে ঘটে যাওয়া হত্যাকান্ড গুলোর প্রকৃত আসামীদের পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। বেশ কয়েকটি হত্যাকান্ডের প্রকৃত রহস্য পুলিশ উদঘাটন করতে পারেনি।
অপরদিকে ২৩ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে সাহারবিল-পূর্ববড়ওেলা সড়কের নাপিতপাড়া এলাকায় একদল সশস্ত্র ডাকাত ১২পথচারীকে আটকিয়ে মারধর করে নগদ টাকা, মোবাইল সেট সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। এসময় ডাকাতদল ৩রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে ভিতিকর পরিস্থিতি সৃষ্টি করে। গত ১৮ডিসম্বর চকরিয়া লামা-আলিকদম সড়কের ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং এলাকায় সড়কে ব্যারিকেড দেিয় মুখোশধারী সশস্ত্র ডাকাতদল একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট লুট করে নিয়ে গেছে। এছাড়াও উপজেলা বিভিন্ন এলাকায় এ পর্যন্ত অন্তত অর্ধশতাধিক ডাকাতি, শতাধিক চুরি-ছিনতাই, ১০টি অপহরণ ও ধর্ষণসহ একাধিক দাঙ্গা হাঙ্গা ঘটনা ঘটেছে।
চকরিয়া থানায় একের পর এক হত্যা ও ডাকাতির ঘটনায় ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫লক্ষাধিক মানুষ চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিনাতিপাত করছে। জনগণের জান-মাল রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ দিন-রাত সালিশি বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকায় উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে বলে সচেতনমহলের অভিমত। এব্যাপারে চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, বিছিন্ন ভাবে হত্যাকান্ডের ঘটনায় তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। তবে চুরি-ডাকাতির ঘটনা অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

চকরিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ৬জন গ্রেফতার
চকরিয়ায় উপজেলা যুবলীগের নেতা আবু বকরকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ ২ মহিলাসহ ৬জনকে গ্রেফতার করেছে। গত ২৪ ডিসেম্বর বিকালে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ মানিকপুরে প্রকাশ্যে যুবলীগের ওই নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান; তিনি নিজেই ঘটনার পরপরই অভিযান চালিয়ে ওই জনকে আটক করেছে। আটককৃত হলেন; উত্তর মানিকপুর গ্রামের মোক্তার আহমদ(৫৫), মোঃ শফি(২৫), মর্জিনা বেগম(৩০), সাদিয়া নূরী(২০), শামশুন্নাহার(২৫), মৌলভী নুরুন্নবী(৩০)। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। নিহত আবু বকরের ভাই আবুল কাশেম জানিয়েছেন, কক্সবাজার সদর হাসপাতালের মর্গে তার ভাইয়ের লাশের ময়না তদন্তের পর গতকাল ২৪ ডিসেম্বর বিকালে তাকে মানিকপুরের গ্রামের কবরস্থানে দাপন করা হয়েছে। পুলিশ জানায়; এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত কেউ এখনও গ্রেফতার হয়নি। চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির জানিয়েছেন, যারা আবু বকরকে কুপিয়ে হত্যা করেছে তারা বিএনপি’র সশস্ত্র নেতাকর্মী। তাদের অবিলম্বে গ্রেফতার না হলে যুবলীগ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। এদিকে এ ঘটনায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সি.আই.পি, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা চেয়ারম্যান জাফর আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক এ ঘটনার তিব্র নিন্দা জানিয়েছেন।



















