নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : যুদ্ধাপরাধের মামলায় মৃত্যদন্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আলবদর প্রধান মুহাম্মদ কামারুজ্জামানের সাফাই সাক্ষী আরশাদ আলীকে আটক করেছে শেরপুর পুলিশ। নালিতাবাড়ীর সোহাগপুরের বিধবাপল্লীর বিধবাদের হুমকি দেওয়ার অভিযোগে ২১ ডিসেম্বর রবিবার রাতে তাকে আটক করা হয়। আরশাদ আলী নালিতাবাড়ীর কাঁকরকান্দি ইউনিয়নের বেনুপাড়া গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে।
একাত্তরের নালিতাবাড়ী উপজেলার কাঁকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের ১২০ জন পুরুষকে হত্যা করে পাকিস্তানি সেনা ও তাদের দোসররা। এরপর ওই গ্রামটি বিধবাদের গ্রাম বা বিধবাপল্লী হিসেবে পরিচিতি পায়। আলবদর নেতা কামারুজ্জামানের পরিকল্পনায় সোহাগপুর হত্যাকান্ড ঘটানো হয় বলে প্রমাণিত হওয়ায় তাকে সাজা হিসেবে মৃত্যুদন্ড দেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, যা আপিলের রায়েও বহাল থাকে। ওই মামলার বিচারে ট্রাইব্যুনালে কামারুজ্জামানের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন ৫৫ বছর বয়সী আরশাদ আলী। শেরপুরের বাসিন্দা কামারুজ্জামানকে মৃত্যুদন্ড দিয়ে গত ৩ নভেম্বর চূড়ান্ত রায় হওয়ার পর বিধবাপল্লীর নিরাপত্তায় সাময়িক পুলিশ ক্যাম্প বসানো হয়।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, বিধবাপল্লীর অধিবাসীদের হুমকি দেওয়ার অভিযোগে রবিবার রাত ৮টার দিকে আরশাদ আলীকে আটকের পর শেরপুর সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



















