স্টাফ রিপোর্টার : নালিতাবাড়ীতে দশম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ফিল্মি কায়দায় অপহরণ করে নিয়ে যাওয়ার ৬ ঘন্টা পর ১৬ ডিসেম্বর মঙ্গলবার রাত ১২টার দিকে সীমান্তের বুরুঙ্গা গ্রাম থেকে ওই ছাত্রীকে পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভয়পুর গ্রামের নূর হোসেনের ছেলে বখাটে ফজলুল হক ওরফে ফারুক (৩০) কিছুদিন আগে নিশ্চিন্তপুর আলিম মাদ্রাসার দশম (দাখিল) শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠায়। ওই প্রস্তাবে সম্মতি না দেওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় দলবল নিয়ে ফারুক মেয়েটিকে তার বাড়ী থেকে অস্ত্রের মুখে ফিল্মি কায়দায় অপহরণ করে সীমান্তের বুরুঙ্গা গ্রামে নিয়ে যায়। এসময় স্থানীয় বাসিন্দা উকিল মিয়া মেয়েটির সাথে ধস্তাধস্তির ঘটনা দেখতে পেয়ে ইউপি চেয়াম্যানকে ঘটনাটি অবহিত করেন। ইতোমধ্যে নালিতাবাড়ী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছালে ফাুরক পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে এনে ১৭ ডিসেম্বর বুধবার ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন বলেন, মেয়েটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাই তাকে ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



















