স্টাফ রিপোর্টার : শেরপুরে বিজয় দিবসের অনুষ্ঠানমালার জন্য নির্মিত মঞ্চে রাতের আঁধারে অগ্নিসংযোগ করেছে করেছে দূর্বৃত্তরা। এতে মঞ্চের সামিয়ানা এবং ব্যানারসহ মঞ্চের পেছনের কাপড় পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫ ডিসেম্বর সোমবার গভীর রাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাদাপড়া এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আয়োজকরা প্রশাসন ও পুলিশের নিকট জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে। একইসাথে ১৬ ডিসেম্বর মঙ্গলবার ওই মঞ্চের সকল অনুষ্ঠানমালা স্থগিত ঘোষণা করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মহান বিজয় দিবস উদযাপনের জন্য স্থানীয় তরুণ সমাজের ব্যানারে এলাকাবাসী পাকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে একটি মঞ্চ তৈরী করে। কিন্তু কে বা কারা রাতের আঁধারে ওই মঞ্চে অগ্নিসংযোগ করলে সামিয়ানাসহ মঞ্চের বিভিন্ন অংশ পুড়ে যায়। মঙ্গলবার সকালে ঘটনাটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে সদর থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আনার জানান, বিজয় দিবসের অনুষ্ঠানমালা ভন্ডুল করার জন্যই দুর্বৃত্তরা এ কাজ করেছে। তাছাড়া এটার সাথে স্বাধীনতাবিরোধী চক্রও জড়িত থাকতে পারে। আমরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ঘটনাস্থল পরিদর্শনকারী সদর থানার এসআই আনছার আলী বলেন, ঘটনাটির তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



















