সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ভাগ্নি জামাই পরিচয় দিয়ে লোকজনকে চাকুরীতে বদলী ও চাকুরী দেয়ার নামে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশ স্থানীয় এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে। শুক্রবার রাতে নিজবাড়ি থেকে প্রতারক আব্দুল হান্নান মন্ডলকে (৫০) আটক করা হয়। সে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের লাঙ্গলমুড়া গ্রামের মৃত আব্দুল জুব্বারের ছেলে। স্থানীয়রা জানায়, আটক আব্দুল হান্নান মন্ডল নিজেকে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি’র ভাগ্নি জামাই পরিচয় দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানা এবং ঢাকার বিভিন্ন এলাকার লোকজনকে সরকারী চাকুরী জীবিদের বদলী এবং চাকুরী দেবার নামে প্রতারনা করে সম্প্রতি প্রায় দু’কোটি টাকা হাতিয়ে নেয়। এসব নিয়ে ঢাকায় ও স্থানীয় ভাবে পুলিশের গোয়েন্দা সংস্থার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন ভূক্তভোগীরা। এছাড়াও সম্প্রতি গাজী ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার একাংশ) উপ-নির্বাচনে দলের পক্ষে আব্দুল হান্নান মন্ডল মনোনয়নও চেয়েছিলেন। সেখানে আওয়ামীলীগের মনোনয়নে একক প্রার্থী হিসাবে গাজী ম,ম আমজাদ হোসেন মিলন বিজয়ের পথে রয়েছেন। সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল কবির জানান, ঢাকা ডিবি অফিসে করা একটি অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর অভিযোগের বিষয়ে বিস্তারিত বেড়িয়ে আসবে। সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর বলেন,আব্দুল হান্নান মন্ডল সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন আ’লীগের সদস্য। প্রতারনার দায়ে পুলিশ তাকে ধরেছে বলে শুনেছি।
সিরাজগঞ্জের বেলকুচিতে বৃদ্ধ ষ্ট্যাম বিক্রেতা ও তাত শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ

সিরাজগঞ্জের বেলকুচিতে বৃদ্ধ ষ্ট্যাম বিক্রেতা আসমত আলী (৬৮) ও তাত শ্রমিক ইউসুফ প্রমানিকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আসমত আলী উপজেলার দত্তবাড়ি গ্রামের মৃত দুলাল প্রামানিকের ছেলে এবং ইউসূফ প্রমানিক কামারখন্দ উপজেলার বিয়াড়াপাড়ার ইসমাইল প্রমানিকের ছেলে। সে বেলকুচি উপজেলার তামাই রয়নাপাড়ার উত্তরপাড়া বাসিন্দা মামা মৃত জিয়া প্রমানিকের বাড়িতে থাকতো। শনিবার দুপুরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। বেলকুচি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, আজমত আলী দীর্ঘ ২৫ বছর যাবত পার্শবর্তী সমেশপুর গ্রামের মৃত, আব্দুল হামিদের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো। তার কোন ছেলে নাই। মেয়েদের বিয়ে হয়েছে। স্ত্রী অন্যত্র থাকায় শুক্রবার ভাড়া বাড়িতে তিনি একাই ছিলেন। শনিবার সকাল ১১টার দিকে পাশ্ববর্তী লোকজন ঘরের মধ্যে আসমত আলীর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। লাশ উদ্ধারের সময় ঘরের দরজা খোলা এবং ভিতরে টেলিভিশন চালু অবস্থায় পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় তাকে হত্যা করে দৃর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। একই থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাতের কোন এক সময় ইউসূফ আলী মারা গেছে। স্বজনদের মধ্যে কেউ কেউ বলছেন সে কেমিক্যাল খেয়ে আত্বহত্যা করেছে। আবার কারও দাবী হত্যা করা হয়েছে। যে কারনে বিষয়টি রহস্য উৎঘাটনের জন্য লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি থানায় সাধারন ডাইরীভূক্ত হয়েছে।




