শাহ্ আলম শাহী, দিনাজপুর : জামায়াতের ডাকা ৩য় দিনের হরতালে দিনাজপুরে ঝটিকা মিছিল থেকে হামলা চালিয়ে দু’টি অটোরিক্সা,একটি বাস ও একটি দোকান ভাংচুর করেছে ছাত্র শিবির। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতিতে ধাওয়া খেয়ে পালিয়েছে হামলাকারীরা।

দিনাজপুর শহরের মালদহপট্রি থেকে আজ সোমবার সকাল সোয়া ১১ টায় একটি ঝটিকা মিছিল বের করে ছাত্র শিবির। এ সময় মিছিল থেকে হামলা চালিয়ে দু’টি অটোরিক্সা,একটি বাস ও একটি দোকান ভাংচুর কওে তারা । পরে পুলিশের উপস্থিতিতে ধাওয়া খেয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
হরতালে মুল দল জামায়াতের নেতা-কর্মীদের কোন তৎপরতা চোখে পড়েনি।
হরতালে চোরাগুপ্তা হামলার ভয়ে দু’একটি দোকান-পাট বন্ধ রয়েছে। অফিস আদালত,স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান.মিল-কারখানা খোলা রয়েছে। রিক্সা-ভ্যান,অটোরিক্সা,টেম্পু,নসিমন চলাচল করলেও দূর-পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক।
যে কোন অরাজকতা ও নাশকতা পরিস্থিতি এড়াতে পুলিশ,র্যাব ও বিজিবি টহল দিচ্ছে জেলার স্পর্শকাতর এলাকাগুলোতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, হিলি স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম রয়েছে স্বাভাবিক। হরতালের কোন প্রভাব পড়েনি বন্দরে।




